
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক আরিফিন শুভর বৃহস্পতি এখন তুঙ্গে। অভিনয় নিয়ে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে রায়হান রাফির পরিচালনায় নূর নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন এ চিত্রনায়ক। অল্প কয়েকদিনের মধ্যেই পুরো সিনেমার শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি। ঢাকার বাইরের একটি লোকেশনে এখন এটির শুটিং চলছে। এ সিনেমার শুটিং শেষে বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা বঙ্গবন্ধু’র শুটিং শুরু হবে। ঢাকায় প্রায় দুই মাস ধরে এ সিনেমার শুটিং চলবে। তাই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বায়োপিকের ইউনিটের সঙ্গে অবস্থান করবেন আরিফিন শুভ। এ সিনেমায় তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এটি মোটেও কোনো গতানুগতিক কাজ নয়। একটি ঐতিহাসিক সিনেমা। আমার জীবনের সেরা অর্জন এটি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করা সত্যিই সৌভাগ্যের বিষয়। কারণ এটি ইতিহাস হয়ে থাকবে। তা ছাড়া শ্যাম বেনেগালের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা এটি পরিচালনা করছেন। তাই এ সিনেমা নিয়ে সবার মধ্যে আশাবাদ তৈরি হয়েছে যে, কাজটি ভালোই হবে। এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, তাতে আমি সন্তুষ্ট। তবে আমার অভিনয় কেমন হয়েছে তা দর্শকই ভালো মূল্যায়ন করতে পারবেন। রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত এ সিনেমাটি পরিচালনা ভারতের প্রখ্যাত চিত্রনির্মাতা শ্যাম বেনেগাল। এদিকে আগামী ৩ ডিসেম্বর আরিফিন শুভ অভিনীত আরেকটি নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের যৌথ পরিচালনায় নির্মিত এ সিনেমার নাম মিশন এক্সট্রিম। এতেও শুভকে নতুন গেটআপে দেখা যাবে বলে জানা গেছে। এতে অভিনয় প্রসঙ্গে শুভ বলেন, এ সিনেমাটিতেও অভিনয়ের জন্য আমাকে অনেক ঘাম ঝরাতে হয়েছে। দর্শক দেখলেই বুঝতে পারবেন আমরা কতটুকু পরিশ্রম করেছি। আশা করছি এটিও দর্শকের ভালো লাগবে। এটির প্রচারণার সব কিছুই প্রস্তুত আছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments