ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান মারস্ক লাইন। একই সঙ্গে দেশের জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ঢাকায় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন অংশ নেন।
বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী মারস্ক লাইন। বিশ্বজুড়ে জাহাজ পরিচালনা এবং শিপিং ও লজিস্টিকস ব্যবসায় দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠানটির।
এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাহাজ নির্মাণের পাশাপাশি বাংলাদেশে জাহাজ পুনর্ব্যবহার শিল্পেও মারস্কের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মারস্ক লাইনের বিপুলসংখ্যক বড় জাহাজ চলাচল করছে। এসব জাহাজ ব্যবহারের পর পরিবেশসম্মত ও আন্তর্জাতিক মান বজায় রেখে পুনর্ব্যবহারের পাশাপাশি নতুন জাহাজ নির্মাণেও বাংলাদেশ গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
বৈঠকে বাংলাদেশের জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহার শিল্পের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা বলেন, দুই খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ এলে দেশের শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি সমুদ্রভিত্তিক অর্থনীতির সম্ভাবনাও আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।
একই সঙ্গে বিদেশি বিনিয়োগের ফলে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা স্থানান্তর এবং জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট শিল্পের পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে বৈঠকে মত দেওয়া হয়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) ফিরোজ উদ্দিন, যুগ্মসচিব (এফটিএ ২) মাহবুবা খাতুন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব খায়রুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া এপি মোলার মারস্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যবসা উন্নয়ন, জননীতি ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান বিবেক শর্মা, মারস্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ডেনিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা ব্যবসাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments