ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে সংশ্লিষ্ট জেলা ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষর করা এক সাংগঠনিক নির্দেশনায় এসব কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হলে ১১ থেকে ১৫ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি করা যাবে। পরে ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
ইতোমধ্যে যেসব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে এবং যেসব উপজেলায় সামনে কমিটি হবে, সেসব কমিটিকে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা কমিটির নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রেও কিছু নির্দিষ্ট নীতিমালা দিয়েছে এনসিপি। নির্দেশনা অনুযায়ী, উপজেলা আহ্বায়কের বয়স ৪০ বছরের বেশি হতে হবে। সদস্যসচিবের ক্ষেত্রে ৩৫ বছরের বেশি বয়সী ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। তবে কোনোভাবেই ৩০ বছরের কম বয়সী কাউকে সদস্যসচিব করা যাবে না।
ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া ব্যক্তি অথবা সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে, তাদের আহ্বায়ক কিংবা সদস্যসচিব পদে অগ্রাধিকার দেওয়া যেতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া উপজেলা আহ্বায়ক ও সদস্যসচিবের মধ্যে অন্তত একজনকে শহর অথবা শহরের আশপাশের এলাকার বাসিন্দা হতে হবে। দুজনেরই শহর বা এর কাছাকাছি এলাকায় বসবাস করলে তা আরও ভালো হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।
নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা, পরিচিতি, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, দলের প্রতি আনুগত্য এবং পরিচ্ছন্ন ভাবমূর্তিকে গুরুত্ব দিতে বলা হয়েছে।
কমিটিতে নারী ও বিভিন্ন ধর্মীয় এবং জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দিয়েছে এনসিপি। প্রতিটি উপজেলা কমিটিতে অন্তত ৫ শতাংশ নারী সদস্য রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি জেলা ইউনিটের আহ্বায়ক ও সদস্যসচিবকে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের সর্বশেষ অগ্রগতি জানিয়ে লিখিত প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদনটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠকের কাছে জমা দিতে হবে।
দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে প্রস্তুত করার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments