ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উৎসব-পার্বনে বাঙালি একটু বেশিই রসনাবিলাসী। ঈদে সেটা আরও বেশি। সে কারণেই কিনা ক্রিকেটাররা ক্যাম্পে যোগ দেওয়ার দিনই অনুশীলন রেখেছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঈদের আগে এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত তিন দিনের টানা অনুশীলনে খেলোয়াড়রা বেশ চনমনে হয়ে উঠেছেন। বাড়তি মেদ বা জড়তা ঝেড়ে এখন ঝরঝরে সবাই। রুদ্ধদ্বার ও উন্মুক্ত সেশনগুলোতে ক্রিকেটারদের নিবিড়ভাবে দেখে নিয়েছেন কোচ। এবার সবাইকে গেম প্ল্যান দেওয়ার পালা। হাথুরুসিংহে সেটা শুরুও করে দিয়েছেন। কারণ আফগানিস্তানের বিপক্ষে কাল শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট ম্যাচ জয়ের ছন্দ এক দিনের ক্রিকেটেও ধরে রাখতে চায় বাংলাদেশ।

চট্টগ্রামের উইকেট কিছুটা ব্যাটিংবান্ধব হয়ে থাকে। যেটাকে স্পোর্টিং উইকেটে রূপ দেওয়া কঠিন কিছু নয়। প্রতিপক্ষের বোলিং বিবেচনায় পেস বোলারদের অনুকূল উইকেট চাওয়া হয়েছে কিউরেটরের কাছে। তিন দিন আগে পিচ দেখে খুশি কোচ, ‘পিচ দেখে ভালোই মনে হচ্ছে। গতকাল (রোববার) দেখেছিলাম, ম্যাচের তিন দিন আগের দেখা। আমি খুশি পিচ শক্ত রাখায়।
বাংলাদেশ একপেশে খেলে টেস্ট ম্যাচ জিতলেও ওয়ানডে সহজ হবে না। রশিদ খানদের ওয়ানডের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালো। বিশ্বকাপ সুপার লিগে ১৫টি ম্যাচ খেলে ১১টিতে জিতেছে তারা। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে যেখানে বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট খেলতে হয়েছে, সেখানে আফগানিস্তান সরাসরি বিশ্বকাপ খেলছে। সফরকারীদের এ রেকর্ড ভালো করেই জানা হাথুরুসিংহের, ‘সম্প্রতি ভালো ক্রিকেট খেলেছে তারা। খুবই ভালো বোলিং ইউনিট দল। তাদের শীর্ষ চার ব্যাটার কয়েক বছর ধরে প্রতিষ্ঠিত। তারা ওয়ানডেতে দুর্দান্ত একটি দল।’
প্রতিপক্ষের প্রতি সম্মান দেখালেও টাইগার কোচের লক্ষ্য প্রভাব বিস্তার করে ম্যাচ খেলা, ‘আমরা সেটা করতে চাই (প্রভাব বিস্তার করে খেলা)। যদিও এটা ভিন্ন সংস্করণ এবং অন্য একটি দল খেলবে। আমরা খুশি যে টেস্ট ম্যাচ জয় নিয়ে নামতে পারছি।’
নাঈম ইসলামেরও ম্যাচ খেলার সুযোগ রয়েছে বলে জানান হাথুরুসিংহে। প্রথম দুই ম্যাচে এ পরিকল্পনা কার্যকর নাও হতে পারে। টানা দুই ম্যাচ জিতে গেলে শেষ ম্যাচে একাদশে পরিবর্তন আনা হবে। অবশ্য অধিনায়ক তামিম ইকবাল পুরোপুরি ফিট না থাকলে প্রথম থেকেই ওপেনিং জুটিতে লিটন কুমার দাসের সঙ্গী হতে পারেন নাঈম।
তবে গত তিন দিনের অনুশীলন পর্যবেক্ষণে অধিনায়কের উন্নতি দেখছেন কোচ, ‘আমি কারও মেডিকেল বৃত্তান্ত নিয়ে কথা বলতে চাই না। সে (তামিম) গত দুই দিন (গতকাল নিয়ে তিন দিন) অনুশীলন করেছে। যথেষ্ট ভালো আছে। আমরা ওর উন্নতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।’ গত ডিসেম্বর থেকেই টানা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বাংলাদেশ। সাফল্যের হারও ভালো। ইংল্যান্ড ছাড়া কারও কাছেই ওয়ানডে ক্রিকেটে সিরিজ হারেনি তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments