সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবিশ্বকাপের মঞ্চে বেঙ্গল টাইগার ও লাল-সবুজের পতাকা নিয়ে সঞ্জয়
spot_img
spot_img

বিশ্বকাপের মঞ্চে বেঙ্গল টাইগার ও লাল-সবুজের পতাকা নিয়ে সঞ্জয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা আর বেঙ্গল টাইগারের উপস্থিতি দেখা যাবে—কয়েক বছর আগেও এমনটা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতো। কিন্তু ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে সেই অবিশ্বাস্য দৃশ্যই বাস্তবে রূপ পেল। কানাডার টরন্টোর বিএমও স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সংগীত পরিচালক ও ডিজে সঞ্জয় দেব শুধু তাঁর পরিবেশনা দিয়েই নয়, পোশাকের মাধ্যমে বাংলাদেশের পরিচয় তুলে ধরেও আলোচনায় এসেছেন।

বিশ্বকাপ উপলক্ষে ফিফার উদ্যোগে নির্মিত নতুন গান ‘সির সির’ পরিবেশন করেন সঞ্জয় দেব, কানাডীয় শিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিম। তবে গানের তালে মুগ্ধতার পাশাপাশি বাংলাদেশের দর্শকদের চোখ বারবার আটকে যাচ্ছিল সঞ্জয়ের পোশাকে। তাঁর জ্যাকেটের স্লিভজুড়ে ফুটে উঠেছিল সুন্দরবনের বেঙ্গল টাইগারের নকশা, জাতীয় ফুল শাপলা এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকার অনুষঙ্গ।

পারফরম্যান্সের সময় বারবার সঞ্জয় তাঁর জ্যাকেটের হাতার দিকে ইঙ্গিত করে এই বিশেষ নকশাগুলো তুলে ধরেন। যেন বিশ্বমঞ্চে দাঁড়িয়ে তিনি বলতে চাইছিলেন, ‘এটাই আমার বাংলাদেশ।’ কোটি বাংলাদেশির কাছে মুহূর্তটি ছিল আবেগের ও গর্বের।
সঞ্জয় দেবের শিকড় বাংলাদেশের সিলেট অঞ্চলে। তাঁর জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বাবা সন্তোষ দেব ও মা মিতা দেবের সঙ্গে প্রায় দুই যুগ আগে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই সংগীতচর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছেন। দীর্ঘ পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি হিসেবে এবার জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে।

বিশ্বকাপের মতো এত বড় অনুষ্ঠানে অংশ নিতে পারাটাই যেকোনো শিল্পীর জন্য গর্বের, হয়ে ওঠে অনন্য অর্জন। কিন্তু সঞ্জয় সেই অর্জনকে আরও অর্থবহ করে তুলেছেন নিজের পোশাকে বাংলাদেশকে তুলে ধরে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা একজন শিল্পী হয়েও তিনি যে জন্মভূমিকে হৃদয়ে ধারণ করেন, তারই প্রতিফলন দেখা গেছে এই পরিবেশনায়।

অনুষ্ঠানের আগে প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি বিশ্বকাপের এই মুহূর্তের জন্য খুবই বিশেষ পরিকল্পনা করেছি। কারণ, এমন মুহূর্ত জীবনে বারবার আসে না।’ পরিবেশনার পর সেই পরিকল্পনার বাস্তব রূপ দেখেছে বিশ্ব। বাংলাদেশের প্রতীকসমৃদ্ধ পোশাকের মাধ্যমে তিনি নিজের শিকড়, সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন।

বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্সের একটি ভিডিও ক্লিপ সঞ্জয় তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। মাত্র ৬৫ সেকেন্ডের সেই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই লাখো মানুষের নজর কাড়ে। ভিডিওটি ১০ ঘণ্টায় ৬০ লাখের বেশি ভিউ হয়েছে এবং রিঅ্যাকশন এসেছে প্রায় সাড়ে ৩ লাখ। পোস্টটি শেয়ার হয়েছে প্রায় ১০ হাজার এবং মন্তব্য এসেছে ৪ হাজারের বেশি।

এবারের বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের পর ১২ জুন কানাডা অঞ্চলের আয়োজনে সঞ্জয় দেবকে দেখা যায় এই বিশেষ কস্টিউমে। পোশাকটির নকশা করেছেন ছায়া কুমার, এমব্রয়ডারির কাজ করেছেন জন কিম এবং স্টাইলিং করেছেন জেসমিন প্যাটেল।

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী মঞ্চে সঞ্জয়ের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশকে এভাবে উপস্থাপনের ভাবনা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন অঙ্গনের তারকাদেরও আবেগাপ্লুত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরার জন্য তাঁকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments