ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বৃহত্তম ধর্মীয়-সংখ্যালঘু দেশ হওয়া সত্ত্বেও ভারতের মুসলিম সম্প্রদায়গুলো প্রায়ই হিন্দু জাতীয়তাবাদীদের দ্বারা হামলার শিকার হচ্ছে। ভারতে বেড়ে ওঠার সময় বেশির ভাগ মুসলমানকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ধর্মের কারণে স্কুলেও হিন্দু শিক্ষার্থীরা মুসলিম সহপাঠীদের সঙ্গে খেলতে অস্বীকার করছে। এমনকি বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটছে। এতে নরেন্দ্র মোদির বিজেপি লাভবান হলেও দেশটির হিন্দু প্রজন্ম হারিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

আগে থেকেই মুসলমানরা তাদের বিরুদ্ধে ব্যবহৃত মুসলিমবিদ্বেষী গালি এবং কটূক্তি শব্দের সঙ্গে পরিচিত। তবে বর্তমানে নতুন কিছু ঘটছে, যা আগের সময়ের চেয়ে একেবারেই ভিন্ন। যদিও ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদরা দীর্ঘদিন ধরে মুসলমান যুবকদের মধ্যে উগ্রপন্থীকরণের বিপদ বা বামপন্থি প্রচারের হুমকির কথা বলে আসছেন। তবে বাস্তবে হিন্দু যুবকদের উগ্রবাদ প্রত্যক্ষ করা যাচ্ছে।
ভারতে প্রায় প্রতিদিনই অল্পবয়সী ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মুসলমান এবং খ্রিষ্টানরা এ ধরনের হামলার শিকার হচ্ছেন। কিছুদিন আগে উত্তরপ্রদেশের অযোধ্যার সন্দীপ চতুর্বেদী নতুন একটা গান রেকর্ড করার জন্য তাঁর অস্থায়ী স্টুডিওতে প্রস্তুতি নিচ্ছিলেন। গানটি একটি মসজিদকে ঘিরে, যেখানে হিন্দু ধর্মাবলম্বীরা পূজা করার অধিকার দাবি করার পর তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গানটি মুসলিমবিরোধী কটাক্ষ দিয়ে ভরপুর।
কিন্তু চতুর্বেদী বলছেন, এই গান আবার তাঁর ভাগ্য ফেরাতে পারে। ইদানীং ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু গান বেশ চলছে, যার মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে। এ পরিস্থিতি ভারতের জন্য কতটা গণতান্ত্রিক, তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।
এদিকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে ১৪ টিভি উপস্থাপককে বয়কট করে তাদের তালিকা প্রকাশ করেছে ভারতের বিরোধী দলগুলোর নতুন জোট ইন্ডিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ১৪ টিভি উপস্থাপককে বয়কটের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।
এ নিয়ে কংগ্রেসের মুখপাত্র পবন খেরা বলেছেন, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এটা করতে হচ্ছে। ইন্ডিয়া জোটের মিডিয়া কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা এসব উপস্থাপকের বিরোধিতা করছি না। আমরা তাদের কাউকে ঘৃণাও করি না। কিন্তু আমরা আমাদের দেশকে বেশি ভালোবাসি। আমরা আমাদের ভারতকে ভালোবাসি। খবর আলজাজিরা ও দ্য ইন্ডিয়া এক্সপ্রেসের।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments