
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আসছে ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতাদের জন্য চমক নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী টিনা রাসেল। ওপার বাংলার জনপ্রিয় জীবনমুখী শিল্পী নচিকেতার সুরে ‘কী সুন্দর করে বললে’ শিরোনামের একটি গান প্রকাশ পাচ্ছে তার। গানটির কথা লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল এবং সংগীতায়োজন করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।
জানা গেছে, গানটির কথার সঙ্গে মিল রেখে একটি নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন টিনা রাসেল নিজেই। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ বিন সাদাফ।
বিশেষ এই গানচিত্র প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘এটা আমার অনেক কাঙ্ক্ষিত ভালোবাসার একটা গান। গানটির কথা লেখার সময়ই প্রেমে পড়ে গেছি। কিন্তু করোনার কারণে প্রকাশ করতে বিলম্ব হলো। আমার অনেকদিনের স্বপ্ন ছিল নচিকেতা দাদার সুরে গান গাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। দাদার অসাধারণ সুরের সঙ্গে ইমরানও দারুণ সংগীতায়োজন করেছে। ভিডিও নির্মাণ করেছেন চন্দন দা। তার ডিরেকশনে ভিডিও করবো সেটাও অনেক দিনের ইচ্ছা ছিল। সব মিলিয়ে এক গানে অনেক ইচ্ছা পূরণ হলো আমার। বাকি ইচ্ছা পূর্ণ করবেন দর্শক-শ্রোতারা। তাদের ভালো লাগলেই আমাদের চেষ্টা সার্থক হবে।’
গানচিত্রটি আগামীকাল সাউন্ডটেকের ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল এবং টিনা রাসেলের নিজেস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments