ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ফুটবলের চ্যাম্পিয়ন দল লিওনেল মেসির আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে ও পরে কোপা আমেরিকা জয়ী দেশটি ক্রিকেটও খেলে। কেমন খেলে তার একটা ধারণা গত রোববারের অনূর্ধ্ব-১৯ পর্যায়ের এক ম্যাচ থেকে বেশ ধারণা পাওয়া গেছে।
আমেরিকা অঞ্চলের ২০২৫ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কানাডার বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে রীতিমতো বিধ্বস্ত হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল। ১০ উইকেটে তো হেরেছেই, সেটাও আবার মাত্র ৫ বলে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দল ১৯.৪ ওভারে ২৩ রান তুলে অলআউট হয়। দলটির কোন ব্যাটার দুই অঙ্কের ঘরে ঢুকতে পারেনি। সাত ব্যাটার মেরেছেন ডাক। দলটি ৭ রান পেয়েছে অতিরিক্ত থেকে।
জবাব দিতে নেমে কানাডা অনূর্ধ্ব-১৯ দল মাত্র ৫ বল খেলে ওই ২৩ রান তুলে ফেলে। দলটি বিশাল জয় তুলে নেয় হাতে ২৯৫ বল রেখে। কানাডার অধিনায়ক যুবরাজ সামরা ৪ বল খেলে দুই চার ও দুই ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন। স্ট্রাইক নিয়ে প্রথম বলে ১ রান নিয়ে অন্য প্রান্তে দাঁড়িয়ে শেষ দেখেন ধর্ম প্যাটেল।
৫ বলে জয় পাওয়ার পরও রেকর্ড হয়নি কানাডার। কারণ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি স্বীকৃত ছিল না। স্বীকৃত অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ম্যাচে সর্বনিম্ন রান ২২। যা ২০০৪ সালে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে করেছিল স্কটল্যান্ড যুবারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments