ডেইলি শেয়ারবাজার ডেস্ক: যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহতের কারণে সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার তীর সংরক্ষণ বাঁধের প্রায় ১৫০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ বাঁধটি পুরোপুরি ধসে গেলে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে, এলাকাবাসীর অভিযোগ অবৈধভাবে যমুনা নদীর তীরে স্তুপ করে রেখে বালু ব্যবসা চালিয়ে যাওয়ায় এ ধস দেখা দিয়েছে। বুধরবার (১২ জুলাই) ভোর রাতে কাজিপুর উপজেলার মেঘাই ১ নম্বর স্পারের উজানে এ ধস দেখা দেয়। খবর পেয়ে ধস ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ভোর থেকেই জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে। এর আগেও গত ৭ জুলাই কাজিপুর মেঘাই স্পার বাঁধের ৩০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করেই ধসে যেতে থাকে নদীর তীর রক্ষা বাঁধ। এ সময় বাঁধের পাশে নোঙর করে রাখা জেলেদের ৩০টি নৌকা মাটিচাপা পড়ে। অপরদিকে বালু ব্যবসায়ীদের স্তুপ করে রাখা বালুর একটি বড় অংশও নদীগর্ভে চলে যায়। এতে হুমকির মুখে পড়েছে কাজিপুর থানা, খাদ্য গুদাম, মডেল মসজিদ, স্কুল-কলেজ, মাদ্রারাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙনের ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, কয়েকজন ব্যবসায়ী পানি উন্নয়ন বোর্ডের নিয়ম না মেনে নদী তীরের ১০ ফুটের মধ্যে বালু স্তুপ করে রেখে ব্যবসা করার কারণেই এ ধস দেখা দিয়েছে। গত ২০ জুন ওই বালুর পয়েন্ট অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও বালুর স্তুপ সরানো হয়নি।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাজী মো. অনিক ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান,
বাঁধ ধসের বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। সকাল ৬টা থেকে পাউবো জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছে। রাতে ভাঙনটা বেশি ছিল। এখন একটু কম।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments