ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চা কিংবা কফি শুধু পানীয় হিসেবেই ব্যবহার হয় না, রূপচর্চার ক্ষেত্রেও ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। চা ও কফির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের স্তরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার করে। গ্রিন-টি ত্বকের ক্ষয়রোধ করে এবং কফির ক্যাফিক অ্যাসিড ত্বকের বন্ধ হওয়া রোমকূপের মুখ খুলে দেয়, ফলে ত্বক হয়ে ওঠে মসৃণ। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

সকালবেলা ১ কাপ কফি কেবল মস্তিষ্ক নয়, চোখ দুটিকেও জাগাতে সাহায্য করে। শুধু তাই নয়, আমাদের চোখের নিচের কালি দূর করতে সাহায্য করে ও চোখের নিচে রক্ত জমাট বাঁধতেও দেয় না। ত্বককে সুস্থ, সুন্দর, টানটান রাখতেও কফি সাহায্য করে। কফি ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না। ত্বকের আর্দ্রতা ধরে রেখে রোদের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা দেয়। স্ক্রাব হিসেবেও কফি গুঁড়া দারুণ কার্যকর।
গবেষণায় দেখা গেছে, গ্রিন-টি শরীরের স্থূলতা কমায়। পাশাপাশি ত্বকের ক্ষয়রোধে দারুণ কার্যকরী। এটি ত্বকের মরা কোষ দূর করে ত্বককে করে পুনরুজ্জীবিত। এমনকি এটি ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এই গ্রিন-টি। স্কিন টোনার হিসেবেও গ্রিন-টি ভালো কাজ করে। ফেস মাস্ক হিসেবে কফির ব্যবহার সেই আদিকাল থেকেই প্রসিদ্ধ। এর উপকারিতাও কম নয়, ত্বকের অবাঞ্ছিত টক্সিন দূর করে কফির ফেস মাস্ক। ত্বককে সুস্থ, সুন্দর, টানটান রাখতেও কফি সাহায্য করে।
কফির হেয়ার প্যাক চুলকে করে ঘন কালো। গবেষণায় দেখা গেছে, চুল মজবুত করার জন্য কফি বেশ সহায়ক। এটি মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং খুশকি দূর করে।
ব্রণের জেদি দাগ দূর করতে বেশ উপকারী গ্রিন-টি। গরম পানিতে গ্রিন-টি ব্যাগ ভিজিয়ে রাখতে হবে। পানি আলাদা করে নিয়ে ঠান্ডা করে মুখ ধোয়ার সময় ওই পানি ব্যবহার করুন। তবে ধোয়ার পর মুছে ফেলবেন না। পানি মুখে শুকাতে দিন, এতে ত্বক গ্রিন টি-এর নির্যাস শুষে নেবে। নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ হালকা হয়ে আসবে।
ব্যবহৃত গ্রিন-টির ব্যাগ ফেলে না দিয়ে তা ঠাণ্ডা করে চোখের ওপর দিয়ে ২০ মিনিট চোখ বুজে বিশ্রাম করুন। এটি চোখ পরিষ্কার করবে। পাশাপাশি চোখের শিরায় আরাম দেবে।
এক কাপ গরম পানিতে দুটি টি-ব্যাগ দিয়ে সঙ্গে ২ টেবিল চামচ নারিকেল তেল ও ১ টেবিল চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে।

এ ছাড়া চুলের ঔজ্জ্বল্য বাড়াতে কফির পেস্ট লাগাতে পারেন। শ্যাম্পু করার পর পানি ও কফি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগাতে হবে। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চুলকে উজ্জ্বল করার পাশাপাশি চুলের রঙে গভীরতা নিয়ে আসবে। কন্ডিশনারের সঙ্গে ১ চামচ কফি গুঁড়া মিশিয়ে ব্যবহার করতে পারেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments