ডেইলি শেয়িারবাজার ডেস্ক: অচেনা কন্ডিশন। অচেনা উইকেট। তবুও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের ব্যাটসম্যানরা চারদিনের ম্যাচের দুদিন কাটিয়ে দেন ২২ গজে। গড়েন রানের পাহাড়। অথচ নিজেদের চেনা কন্ডিশন, উইকেটে সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, আফিফ হোসেনরা লড়াই করেন টিকে থাকতে। চারদিনের ম্যাচেও পারেন না ফলোঅন এড়াতে।

মাত্রাতিরিক্ত শট খেলার প্রবণতা, বাড়তি ঝুঁকি নেওয়া, এলোপাথাড়ি ব্যাটিংয়ে নিজেদের উইকেট উপহার দিয়ে আসেন। অথচ সাদা পোশাকে উইকেটে গিয়ে ধৈর্যর পরীক্ষা দেওয়ার কথা তাদের। বলের মেরিট অনুযায়ী শট নির্বাচন করার কথা। ঘণ্টার পর ঘণ্টা উইকেটে কাটিয়ে দেওয়ার কথা। আফিফরা সেসবের কিছুই সিলেটে প্রথম চারদিনের ম্যাচে পারেননি। তাতে কিছুটা বিরক্ত কোচ জেমি সিডন্স।
অতীত ভুলে শিষ্যদের থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচে ভালো কিছুর প্রত্যাশায় সিডন্স, ‘আমি মনে করি, ছেলেরা প্রত্যেকেই সাদা বলের ক্রিকেট খেলে এসেছে। এজন্য প্রচুর শট খেলছে। বোলাররা সঠিক জায়গায় বল ফেলতে পারছিল না। পেস বোলারদের ব্যাটসম্যানদের ফরোয়ার্ড ডিফেন্স খেলতে বাধ্য করতে হবে। যেটা লাল বলের ক্রিকেটে জরুরি। ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসের শুরুতেই প্রচুর শট খেলছিল। বল ছাড়ছিল না আবার ডিফেন্স করছিল না। আশা করছি দ্বিতীয় ম্যাচে একটা মানিয়ে নেবে। সাদা বলের ক্রিকেট থেকে এসে লাল বলে খেলা কঠিন। মাঝে মাত্র দুদিনের প্রস্তুতির সময় ছিল।’
নিজের চাওয়াও জানিয়ে রেখেছেন সিডন্স, ‘আমরা যদি ভালোভাবে ডিফেন্স করতে পারি এবং ধৈর্য দেখাতে পারি তাহলে ভালো। ছয় ঘণ্টা ব্যাটিং করবে এমন ব্যাটসম্যান চাই। আমি বিস্ফোরক ত্রিশ রান কিংবা বিধ্বংসী বিশ রানের ইনিংস দেখতে চাই না। আমরা চাই ব্যাটসম্যানরা যেন দিনের শেষে বেলস ফেলে আসুক এবং পরের দিনের জন্য প্রস্তুত থাকুক। এটাই চারদিনের ক্রিকেট। বাজেভাবে ইনিংস শেষ না করে কোচ কিংবা অধিনায়ককে ইনিংস ঘোষণার সুযোগ দিক।’
প্রথম ইনিংসে সাইফ হাসান চার-ছক্কার ফোয়ারা ছুটিয়ে ৭১ বলে ১৪ চার ও ২ ছক্কায় ৯১ রান করে নিজের উইকেট বিলিয়ে আসেন। অফস্টাম্পের বাইরের বল আলগা শট খেলতে গিয়ে সাদমান, জয় আউট হয়েছেন। স্টাম্পে বল লেগে বেঁচে যাওয়ার পরও আফিফ বড় করতে পারেননি নিজের ইনিংস। ৪১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৫ রান করে বাজে শটে উইকেট উপহার দেন অতিথিদের।
যাদের ওপর বাড়তি নজর ছিল, তারা প্রত্যেকেই হতাশ করেছেন। জাতীয় দলের বাইরে থাকা আফিফকে নিয়ে কথা বলেও দুই ইনিংসে হতাশ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে রিভার্স সুইপ খেলতে গিয়ে ৯ রানে আউট হন। সিডন্সের বিশ্বাস ভুল থেকেই শিখবে আফিফ, ‘আফিফকে নিজের ভুল বুঝতে হবে। আমরা এটা নিয়ে কথা বলেছি। ওই বলটায় ওই শট খেলা ভুল ছিল। যেহেতু বল উইকেটে পিচ করছে, লাইনেও আছে। তাই শটটা ভুল ছিল। আশা করছি সে ভুল থেকে শিখবে এবং পুনরায় এই কাজ করবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments