
নতুন বিনিয়োগকারী বাজারে আনার জন্য যে পরিবেশ তৈরি করা প্রয়োজন তা করতে বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছে নীতি নির্ধারণী মহল। যে কারণে আস্থা হারিয়ে সদ্য সমাপ্ত হওয়া অর্থবছরে আড়াই লাখ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন।
সিডিবিএল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১ জুলাই ২০১৯ সমাপ্ত অর্থবছরে বেনেফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট ছিলো ২৭ লাখ ৯৩ হাজার ৪টি। সেখানে ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরে সিডিবিএলের সর্বশেষ আপডেট অনুযায়ী মোট বিও’র পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৪২ হাজার ১৪৩টি। অর্থাৎ গেল বছর বিও নবায়ন না হওয়া এবং নিয়মিত বিও খোলা বা বন্ধ হওয়ার হিসেবে বিও অ্যাকাউন্ট কমেছে ২ লাখ ৫০ হাজার ৮৬১টি।
৩০ জুন ২০২০ পর্যন্ত পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৫ হাজার ৩৯১টি এবং মহিলা বিও অ্যাকাউন্টের পরিমাণ ৬ লাখ ৭৬ হাজার ৭৫২টি এবং কোম্পানি’র বিও অ্যাকাউন্টের পরিমাণ ১৩ হাজার ৩৬৮টি। এর আগে ১ জুলাই ২০১৯ তারিখে পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ ছিলো ২০ লাখ ৫১ হাজার ৯৯৩টি এবং মহিলা বিও অ্যাকাউন্টের পরিমাণ ৭ লাখ ৪৪ হাজার ৫৫৯টি এবং কোম্পানি’র বিও অ্যাকাউন্টের পরিমাণ ১৩ হাজার ২৯৮টি।
আলোচিত সময়ে পুরুষ বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ১ লাখ ৮৬ হাজার ৬০২টি এবং মহিলা বিও অ্যাকাউন্টের পরিমাণ কমেছে ৬৭ হাজার ৮০৭টি। তবে কোম্পানির বিও অ্যাকাউন্টের পরিমাণ বেড়েছে ৭০টি।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, একই জাতীয় পত্র, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একাধিক বিও অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা থাকায় অনেক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। অন্যদিকে বাজার পরিস্থিতি মন্দা থাকা এবং লোকসানের পর লোকসান বহন করার কারণে বাজার ছেড়েছেন অনেক বিনিয়োগকারী। তবে এই সংকট কাটাতে বর্তমান কমিশনকে যুগপোযোগী পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মা.জ/মু























Recent Comments