ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ-২০২০ এবং জায়েদ সাসটেইনাবিলিটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে আয়োজিত দূত সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
১১ জানুয়ারি শুরু হয় আবুধাবি সাসটেইনাবিলিটি সপ্তাহ ২০২০। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। স্থানীয় সময় সোমবার বেলা এগারোটায় অনুষ্ঠানস্থলে পৌছোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান, দেশটির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
অনুষ্ঠানে বাংলাদেশের
প্রধানমন্ত্রী ছাড়াও ইন্দোনেশিয়া, সার্বিয়া, আর্মেনিয়া, সিয়েরালিয়ন ও ফিজির রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। সাসটেইনাবিলিটি সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্য, ফিউচার অব মবিলিটি, স্বাস্থ্য বায়োটেকনোলজি এবং প্রযুক্তিগত দক্ষতার বিষয়গুলো।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি ও প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির স্ত্রী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘দি ক্রিটিক্যাল রোল অব ওমেন ইন ডেলিভারিং ক্লাইমেট’ বিষয়ক কী নোট সাক্ষাৎকার পর্বে অংশ নেবেন শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটায় দেশের উদ্যেশ্যে আবুধাবি ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
























Recent Comments