ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সবে বাইরে ভোরের আলো ফুটেছে। হোটেলে থাকা অতিথিদের ঘুম ভাঙতে শুরু করেছে। এমন সময়ে বাইরে থেকে ভেসে আসে চিৎকার। যে চিৎকারের শব্দে হোটেলকর্মী এবং অভিনেতা দেব, বিশ্বনাথ বসু, সোহম চক্রবর্তীরা ছুটে যান।

গিয়েই তো অবাক সবাই। দেখেন, এক হোটেলকর্মীর হাতে বিশাল একটা অজগর! যেটা ঢুকে পড়েছিল হোটেল চত্বরে। কলকাতার জনপ্রিয় দুই অভিনেতা দেব-সোহমের ‘প্রধান’ সিনেমার শুটিং সেটে এমন ঘটনাই ঘটল!
‘প্রধান’ ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার সকালে সেখানেই এই মারাত্মক ঘটনার সাক্ষী থাকলেন অভিনেতারা। হোটেলের নীচ থেকে উদ্ধার হল এক বিশালকায় অজগর। ছবিতে দেব ছাড়াও টলিপাড়ার বহু অভিনেতা রয়েছেন।
অজগরটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিশ্বনাথ বসু লিখেছেন, ‘যা দেখলাম, সেটা শুধু চিড়িয়াখানা বা টিভির পর্দায় দেখা যায়।’ অনেকেই অভিনেতাকে সাপটির সঙ্গে ছবি তুলতে অনুরোধ করেছেন। কিন্তু বিশ্বনাথ জানান, তার সাহসে কুলায়নি।
বিশ্বনাথ মজা করে দেব প্রসঙ্গে বলেছেন, দূরে ‘চাঁদের পাহাড়’-এর শঙ্কর নির্ভয়। শুধু দেব নন, ভয় পাওয়ার পাত্র নন অভিনেতা সোহম চক্রবর্তীও। তিনি অজগরটিকে হাতে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোহম লেখেন, ‘সুপ্রভাত। আজকের সকালের প্রধান আকর্ষণ!’
অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। সাপটি ধরার পর বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে এটি নিয়ে যায়। এ ঘটনায়, শুটিং ফ্লোরে অজগরের আগমনে ইউনিটের সদস্যদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments