ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপের শিব দেরাজ উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি।
ইরানি বার্তাসংস্থা আইআরআইবির তথ্য অনুযায়ী, শিব দেরাজ উপকূলের কাছে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কেশমের গভর্নর হোসেইন আমির তেমোরি এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি ‘সন্ত্রাসী’ বলতে মার্কিন সেনাদের বোঝান বলে জানিয়েছেন।
হরমুজ প্রণালি নিয়ে গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। তেল ও অন্যান্য জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ এই নৌপথে বিরোধ আরও তীব্র হয় গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর। ওই হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয় এবং উপসাগরীয় আরব দেশ ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জাহাজ চলাচলে বাধা দেয়।
এর জবাবে হরমুজে ইরানের ওপর নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী ইরান থেকে হরমুজ দিয়ে জাহাজের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম জানিয়েছে, অবরোধ শুরুর পর ইরান-সংশ্লিষ্ট একশরও বেশি জাহাজকে তারা ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ এসব জাহাজকে ইরানি বন্দরে প্রবেশ কিংবা সেখান থেকে বের হতে দেওয়া হয়নি।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ান রোববার মার্কিন নৌ-অবরোধের সমালোচনা করেছেন। তাঁর দাবি, এই অবরোধের কারণে ইরানের মানুষ ওষুধ এবং প্রয়োজনীয় নিত্যপণ্য থেকে বঞ্চিত হচ্ছে।
পেজেশকিয়ান আরও বলেছেন, যুক্তরাষ্ট্র যত চাপই প্রয়োগ করুক, ইরান নতি স্বীকার করবে না এবং আত্মসমর্পণও করবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments