ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করবে না ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারের জন্য আবেদনকারী জাহাজগুলোকে আগামী ৬০ দিন বিনা খরচে চলাচলের সুযোগ দেওয়া হবে। এ লক্ষ্যে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে আবেদনগুলো দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়ন করা যায়।
বিবৃতিতে বলা হয়, বিশেষ পরিস্থিতি এবং নৌপথে বিদ্যমান কিছু নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে কর্তৃপক্ষ নির্ধারিত রুট ও সময়সূচি অনুসরণ করে চলাচল করতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে নৌযান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হবে।
এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলের কারিগরি নির্দেশনা ও পরিচালনাগত বিস্তারিত তথ্য শিগগিরই পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষ প্রকাশ করবে বলে জানিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মাইন অপসারণসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments