ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে খেলা ১৬ বছর বয়সী ফারহান আহমেদ ভেঙে চলছেন একের পর এক রেকর্ড। এবার এই কিশোর ভেঙে দিলেন ১৫৯ বছর আগে গড়া উইলিয়াম গিলবার্ট গ্রেসের রেকর্ড।

১৮৬৫ সালে ওভালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক মাচে ঐ কীর্তি গড়েছিলেন গ্রেস। জেন্টলম্যান অব সাউথের হয়ে প্লেয়ার্স অব সাউথের বিপক্ষে প্রথম ইনিংসে ৪৪ রানে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪০ রান নিয়েছিলেন আট উইকেট।
সেই সময় গ্রেসের বয়স ছিল ১৬ বছর ৩৩৯ দিন। সবচেয়ে কম বয়সী বোলার হিসেবে ১ ম্যাচে দশ উইকেটের রেকর্ড গড়েন তিনি। তবে গেল পরশু সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ফারহান।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’র ম্যাচে নটিংহ্যামশায়ারের হয়ে সারের বিপক্ষে প্রথম ইনিংসে সাত উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন আরও তিন উইকেট। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। তাতে গ্রেসের করা রেকর্ড ভেঙে দেন ১৬ বছর বয়সী এই ক্রিকেটার। কেননা ১৬ বছর ১৮৯ দিনে ১০ উইকেট শিকার করেন ফারহান। আগের রেকর্ডটি ছিল জি গ্রেসের। তখন তার বয়স ছিল ১৬ বছর ৩৩৯ দিন।
ফারহান এই ম্যাচে রেকর্ড গড়েছেন আরও দুটি। ম্যাচটি খেলতে নেমে তিনি হয়ে যান প্রথম শ্রেণির ক্রিকেটে নটিংহ্যামশায়ারের সর্বকনিষ্ঠ ক্রিকেটার। এবং সর্বকনিষ্ঠ বোলার হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম শ্রেণির ম্যাচে ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়েন তিনি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments