বুধবার, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়৩৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিল একনেক
spot_img
spot_img

৩৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিল একনেক

শেয়ারবাজার বিডি রিপোর্ট: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের অর্থায়নে সরকারি তহবিল, প্রকল্প ঋণ এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থ যুক্ত থাকবে।

বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

সরকারি সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যমতে, জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পের মধ্যে নতুন করে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প রয়েছে। জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটে এসব প্রকল্প অনুমোদন ঘিরে অগ্রাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।

নতুন চার লেন সড়ক প্রকল্পটি সরকারি অর্থায়নে চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া ‘জয়পুরহাট সড়ক বিভাগাধীন ৩টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে।

অন্যদিকে, ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে ‘জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)’ অনুমোদন পেয়েছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে।

এ ছাড়া ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবকাঠামোর বেহাল দশা থাকলেও একটি নির্দিষ্ট জেলাকে কেন্দ্র করে একাধিক প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আঞ্চলিক অগ্রাধিকার ও প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় উন্নয়ন প্রকল্প নেওয়ার প্রবণতা অতীতেও দেখা গেছে। বিগত সরকারের আমলে একনেকের বিভিন্ন সভায় সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর নিজ জেলা কুমিল্লা এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জে প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন বলে উল্লেখ করা হয়েছে।
একইভাবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরে চুয়াডাঙ্গা-মেহেরপুর রেলপথসহ একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল। সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু প্রকল্পও অনুমোদন দেওয়া হয়।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় মেঘনা-ধনাগোদা নদীর ওপর ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে প্রকল্পটি বাতিল করা হয়।

অনুমোদন পাওয়া ১৬ প্রকল্প

একনেক সভায় মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প রয়েছে। এগুলো হলো-

১. উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প।

২. জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধন)।

৩. ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এফআরডিআইআরআইডিপি)।

৪. সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসএসএমএইচআরআইআইপি)।

৫. বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।

৬. পল্লী জীবিকায়ন প্রকল্প-৩য় পর্যায় (২য় সংশোধন)।

৭. দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্প (ফেজ-১)।

পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প হলো-

১. দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি প্রকল্প।

২. জামালপুর জেলার ব্রহ্মপুত্র নদ ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্প।

৩. সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা কাজ (১ম পর্যায়) প্রকল্প।

৪. মেট্রো ঢাকা প্রকল্প-গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো-

১. জয়পুরহাট সড়ক বিভাগাধীন তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প।

২. মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক (আর-৫৫০) সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্প।

এ ছাড়া অন্যান্য মন্ত্রণালয় ও কার্যালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘ঢাকাস্থ ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ’ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকায় অফিসারদের আবাসিক সমস্যা নিরসনকল্পে অবকাঠামোগত উন্নয়ন’ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর মাধ্যমে ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্পের বিষয়েও একনেক সভায় অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) স্থাপন, মিরকাদিমে গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দেশের দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্প।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত স্বাধীন জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় দুপুর ১টা ১৫ মিনিটে।

শেয়ারবাজার বিডি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments