ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টানা ৭ লিগ ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে অষ্টম ম্যাচটি জিতলে নতুন একটি রেকর্ডেও নাম লেখাতেন ফ্লিক। জেরার্ডো মার্টিনোর সঙ্গে যৌথভাবে লা লিগায় বার্সার হয়ে নিজের প্রথম ৮ ম্যাচ জেতার কীর্তি গড়তেন জার্মান এই কোচ। কিন্তু ফ্লিকের সেই আশা পূরণ হয়নি। উল্টো ওসাসুনার বিপক্ষে ৪-২ গোলে হেরেই গেছে বার্সা।
এল সাদার স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে গোল পেয়ে যায় ওসাসুনা। বাঁ থেকে আক্রমণে উঠে কর্নার স্পটের কাছে থেকে ক্রস দেন ব্রায়ান সারাগোসা। তা থেকে হেডে আসল ঠিকানা খুঁজে নেন আন্তে বুদিমির। ১০ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বার্সেলোনা। পাবলো ইবানেসের পাসে বক্সে ঢুকে দলকে ২-০ তে এগিয়ে দেন সারাগোসা। প্রথমার্ধে আর লড়াই করতে পারেনি বার্সা।
৫৩ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরানোর স্বপ্ন দেখিয়ে গোল করে ব্যবধান ২-১ করেন পাও ভিক্টর। তবে ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ওসাসুনার হয়ে ব্যবধান ৩-১ করেন আন্তে বুদিমির। এরপর ৮৫ মিনিটে আরও এক গোল করে বার্সার বড় হার নিশ্চিত করে ওসাসুনা। শেষ দিকে বদলি নামা ইয়ামালের সান্ত্বনার গোলে ব্যবধান কমায় বার্সা।
এই হারের পরও অবশ্য শীর্ষে স্থান ধরে রেখেছে বার্সা। তবে ৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্য দিকে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৭ ম্যাচে ১৭। আজ রাতে মাদ্রিদ ডার্বিতে আতলেতিকো মাদ্রিদকে হারাতে পারলে পয়েন্ট ব্যবধান একে নামিয়ে আনতে পারবে মাদ্রিদের ক্লাবটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments