ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলচ্চিত্র পরিচালক আজাদী হাসনাত ফিরোজ মারা গেছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানা।
তিনি বলেন, ‘হাসনাত ফিরোজ ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শেষ পর্যন্ত ডেঙ্গুর কাছে হার মেনে চলেই গেলেন তিনি। সবাই তাঁর জন্য দোয়া করবেন।
জানা গেছে, আজাদী হাসনাত ফিরোজের হার্টে ব্লক ধরা পড়েছে। কিডনিজনিত সমস্যায়ও ভুগছিলেন তিনি। ২৯ নভেম্বর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পর্যবেক্ষণকেন্দ্রে নেওয়া হয়। তবে শেষ রক্ষা হলো না।
শাবনূরকে নিয়ে বেশ কিছু সিনেমা নির্মাণ করে সফল হয়েছেন ফিরোজ। এর মধ্যে রয়েছে ‘কাজের মেয়ে’, ‘দিল তো পাগল’, ‘বস্তির মেয়ে’, ‘সবার উপরে প্রেম’, ‘বউ শাশুড়ির যুদ্ধ’, ‘ফুলের মতো বউ’, ‘রসের বাইদানী’, ‘গ্রামগঞ্জের পিরিতি’, ‘ঘরের লক্ষ্মী’ ও ‘স্বামী নিয়ে যুদ্ধ’।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments