ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জলজ জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমা ‘জলমহল’। সম্প্রতি কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি নির্মাণ করছেন মোস্তাফিজ মামুন। এতে অভিনয় করেছেন তরুণ অভিনয়শিল্পী মাসুম রেজওয়ান, জান্নাতুল ফেরদৌস কাজলসহ অনেকেই।
নির্মাতা মোস্তাফিজ মামুন বলেন, ‘বিশাল জলরাশি আর দ্বীপের মতো কিছু গ্রাম নিয়ে জলমহলের ওয়ার্ল্ড। এখানে কাদা, নোংরার বিপরীতে পরিষ্কার পরিপাটি গ্রাম, হাওর ও পরিচ্ছন্ন মানুষদের গল্প সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। আমরা চাই, দর্শক যেন পর্দায় জলমহল দেখতে দেখতে হাওরের গন্ধ, শব্দ ও জীবনের স্বাদ পান। প্রোডাকশন ডিজাইনেও ভিন্নতা আনার চেষ্টা করেছি। হাওরের প্রাকৃতিক রূপ যেন পর্দায় জীবন্ত হয়, তার জন্যই সব দৃশ্য শুট করা হয়েছে জেলেদের বাড়িঘর, গ্রাম আর তাদের নৌকায় এমনকি প্রাকৃতিক আলোতে, অতিরিক্ত লাইটিং ছাড়াই। আশা করছি, কাজটি দর্শকদের ভালো লাগবে। শুটিং ইউনিটের সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি শেষ করেছেন।
মাসুম রেজওয়ান প্রথম টেলিভিশনে অভিনয় করেন ২০১৯ সালে। এ পর্যন্ত বেশ কিছু নাটক আর ৩০টিরও বেশি বিজ্ঞাপনচিত্রে তাঁকে দেখা গেছে। সবশেষ তাঁকে দেখা গেছে ‘নীলচক্র’ সিনেমাতে।
‘জলমহল’ সিনেমায় শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এই তরুণ অভিনেতা বলেন, ‘হাওরের পানির মধ্যে, ভেজা শরীর আর কাদামাখা পায়ে আমরা শুটিং করেছি। মাঝেমধ্যে মনে হয়েছে যেন আমরা নিজেরাও চরিত্র হয়ে উঠেছি। শুটিং ইউনিটকে প্রতিদিনই হাওরের গভীর পানির মধ্যে নৌকায় ভেসে ভেসে যেতে হয়েছে। ভারী যন্ত্রপাতি ও ক্যামেরা সরঞ্জাম পানির মধ্যে সমন্বয় করে তোলা ছিল একটি বড় চ্যালেঞ্জ। একাধিকবার আচমকা ঝড় ও বৃষ্টির মুখেও পড়েছে। বৃষ্টির মধ্যে বারবার শুটিং বন্ধ হয়েছে, আবার কখনও বৃষ্টিতেই শুট করেছি। চরিত্রের সত্যতা ধরে রাখতে স্থানীয় জেলেদের সঙ্গেও একাত্ম হয়ে কাজ করতে হয়েছে। জেলেদের সঙ্গে সময় কাটিয়েছি, শিখেছি জাল ফেলা, নৌকা চালানো সবকিছু।
নির্মাতার মতে, ‘জলমহল কেবল একটি চলচ্চিত্র নয়, এটি হাওরের মানুষদের ভালোবাসা, গন্ধ, শব্দ আর জীবনের স্বাদকে পর্দায় এনে দেওয়ার একটি প্রচেষ্টা। এতে হাওরের পরিচ্ছন্ন গ্রাম, মানুষ আর প্রকৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে।
‘জলমহল’ চলতি বছরের শেষদিকে দেশি ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের লক্ষ্যে মুক্তি পেতে পারে। এখন চলছে সম্পাদনার কাজ। নির্মাতা আশাবাদী, ছবিটি হাওরের জলজ জীবনের প্রতি দর্শকের এক নতুন উপলব্ধি তৈরি করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments