ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ৫ জুন ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে একটি আন্তর্জাতিক ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচটি অনুষ্ঠিত হবে সান মারিনোর মাটিতে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলার অভিজ্ঞতা অর্জন করবে বাংলাদেশ।
ম্যাচটি দুই দলের জন্যই ঐতিহাসিক মাইলফলক হতে যাচ্ছে। বাংলাদেশ যেমন প্রথমবার কোনো ইউরোপীয় প্রতিপক্ষের মুখোমুখি হবে, তেমনি সান মারিনোও তাদের ইতিহাসে প্রথমবার খেলবে কোনো এশিয়ান দলের বিপক্ষে।
এই আন্তর্জাতিক ম্যাচটি নিয়ে দুই দেশের ফুটবল ফেডারেশনই উচ্ছ্বসিত। বাফুফে জানিয়েছে, ম্যাচটি দুই দলের খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের পরখ করে নেওয়ার ভালো সুযোগ তৈরি করবে, যা ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি এই আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের ফেডারেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে বলেও আশা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments