ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে বিদ্যমান ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
মঙ্গলবার (৯ জুন) ডিবিএর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞাপ্তিতে এ অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়, গত ৪ মে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূর করে স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসির কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার (প্রাইস ডিসকভারি) প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
এছাড়া ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করছে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
ডিবিএ জানায়, তাদের আবেদন এবং বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসইসির নতুন কমিশন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর আরোপিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এবং তার নেতৃত্বাধীন কমিশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ডিবিএর মতে, সময়োপযোগী এ সিদ্ধান্ত বাজারের দীর্ঘদিনের স্থবিরতা দূর, স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরুদ্ধার এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করতে সহায়তা করবে।
সংগঠনটি আশা প্রকাশ করে, মাসুদ খানের নেতৃত্বে নতুন কমিশন বাজারের স্বার্থে দীর্ঘদিন ধরে বিদ্যমান ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের পরিপন্থী বিভিন্ন বিধি-বিধান ও প্রতিবন্ধকতার প্রয়োজনীয় সংস্কার করবে এবং একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থানির্ভর পুঁজিবাজার গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম নবনিযুক্ত চেয়ারম্যানসহ কমিশনের সব সদস্যকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে অতীতের মতো ভবিষ্যতেও কমিশনের সঙ্গে একযোগে কাজ করার এবং সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments