ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। একই সঙ্গে পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনে বাজেটে অন্তর্ভুক্ত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
শনিবার (১৩ জুন) ডিবিএ থেকে পাঠানো এক বার্তায় সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি-কে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের অর্থনীতি পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকেও ডিবিএর পক্ষ থেকে অভিনন্দন জানান।
ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এবারের বাজেটে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে, যা নিঃসন্দেহে দেশের পুঁজিবাজারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, বাজেট বক্তৃতায় পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার যে সুস্পষ্ট নীতিগত ঘোষণা দেওয়া হয়েছে, ডিবিএ তা গভীর সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করছে।
তিনি আরও বলেন, বিশেষ করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করা, বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা, বাজারে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিকল্প উৎস হিসেবে বন্ড বাজার সম্প্রসারণ, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুকের উন্নয়নে অগ্রাধিকার প্রদান, যোগ্য ও সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি সহজতর করতে লিস্টিং প্রক্রিয়া পর্যালোচনা ও সরলীকরণ, তথ্য প্রকাশ ও রিপোর্টিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করা, করপোরেট বন্ড বাজার সম্প্রসারণের পাশাপাশি মিউনিসিপ্যাল বন্ড চালুর কাঠামো তৈরি এবং ব্যাংকনির্ভর অর্থায়নের পরিবর্তে ইক্যুইটি-ভিত্তিক অর্থায়নের প্রসার ঘটানোর উদ্যোগ দেশের পুঁজিবাজারের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
ডিবিএ প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের চাপে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তবে এবারের বাজেটে পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার যে নীতিগত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং কর্মসংস্থান ও শিল্পায়ন ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, সরকার ঘোষিত সংস্কার কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের পুঁজিবাজার একটি আধুনিক, গভীরতাসম্পন্ন ও আস্থাভিত্তিক বাজারে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ সময় তিনি পুঁজিবাজার-সংশ্লিষ্ট সকল অংশীজন—সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পুঁজিবাজারকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাজারে উন্নীত করার আহ্বান।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments