ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংক, বেস্ট ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউস এবং বেস্ট ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউস হিসেবে স্বীকৃতি পেয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। ফাইন্যান্সএশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ এই তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান।
বুধবার (১ জুলাই) আইপিডিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিাশ্চিত করেছে।
ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের মূল তিন ক্যাটাগরিতে এই স্বীকৃতি বাংলাদেশের পুঁজিবাজারে আইডিএলসি ইনভেস্টমেন্টসের শক্তিশালী অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। ইকুইটি ক্যাপিটাল মার্কেটস, ডেট ক্যাপিটাল মার্কেটস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন, অ্যাডভাইজরি, আন্ডাররাইটিং ও ট্রাস্টি সেবায় প্রতিষ্ঠানটির সমন্বিত সক্ষমতার প্রতিফলন এই অর্জন।
তারল্য সংকট, উচ্চ সুদের হার এবং পাবলিক ইক্যুইটি ইস্যুর সীমিত সুযোগসহ নানা কারণে বাংলাদেশের পুঁজিবাজারের জন্য বিগত অর্থবছরটি ছিল বেশ চ্যালেঞ্জিং। এমন কঠিন পরিস্থিতিতেও আইডিএলসি ইনভেস্টমেন্টস এই বছরের একমাত্র পাবলিক ইকুইটি ইস্যুর নেতৃত্ব দিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্ট্রাকচার্ড ডেট সলিউশন সম্প্রসারণ, রেগুলেটরি ক্যাপিটাল গঠনে সহায়তা এবং শীর্ষস্থানীয় করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন, শরিয়াহসম্মত, সিন্ডিকেটেড ও অ্যাডভাইজরি সমাধানও দিয়েছে।
হংকংয়ে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “বাংলাদেশ ছোট বাজার হলেও এটি এশিয়ার অন্যতম স্থিতিশীল প্রবৃদ্ধির গল্প। এই প্রবৃদ্ধির পরবর্তী ধাপে আরও গভীর ইকুইটি মার্কেট, শক্তিশালী ডেট ক্যাপিটাল মার্কেট, টেকসই অর্থায়ন এবং বেশি প্রাতিষ্ঠানিক মূলধন প্রয়োজন। ফাইন্যান্সএশিয়ার এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমরা আমাদের সম্মানিত গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডারগণ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি উৎসর্গ করছি।
এ বিষয়ে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, “ফাইন্যান্সএশিয়ার কাছ থেকে এই তিনটি স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই অর্জন আমাদের সমন্বিত ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম, গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা এবং গুণগত মান, উদ্ভাবন ও উৎকর্ষপূর্ণ বাস্তবায়নের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।”
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড সম্পর্কে
আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স পিএলসি’র একটি সাবসিডিয়ারি এবং বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, করপোরেট অ্যাডভাইজরি, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন ও ট্রাস্টি সেবাসহ বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও পুঁজিবাজার সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি ইউরোমানি, ফাইন্যান্সএশিয়া ও ইন্টারন্যাশনাল ব্যাংকার অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments