ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের খাদ্য মজুত শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ ১০ হাজার টাকা।
এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড থেকে ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমোদন দেওয়া হয়েছে।
এই চালানের জন্য ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার টাকা। প্রতি মেট্রিক টন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার।
দুই উৎস থেকে মোট ২ লাখ ৭০ হাজার মেট্রিক টন গম আমদানিতে সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৫২ কোটি ৪০ লাখ ৯৪ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম





























Recent Comments