ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অর্থনৈতিক অঞ্চলের (ইজেড) ডমেস্টিক প্রসেসিং এরিয়া (ডিপিএ)–ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের জন্য বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স নীতিতে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন সাপেক্ষে নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থও বিদেশে রেমিট্যান্স হিসেবে পাঠানো যাবে।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এর মাধ্যমে ডিপিএভুক্ত প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা রেমিট্যান্স সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় সংশোধন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো এখন থেকে বেজার পূর্বানুমোদন সাপেক্ষে রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ (কারিগরি জ্ঞান) এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (কারিগরি সহায়তা) বাবদ নির্ধারিত সীমার অতিরিক্ত অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিতে পারবে।
আগের নীতিমালায় নতুন প্রকল্পের ক্ষেত্রে আমদানিকৃত যন্ত্রপাতির মূল্যের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত এবং চলমান প্রকল্পের ক্ষেত্রে আগের অর্থবছরের আয়কর রিটার্নে ঘোষিত মোট বিক্রয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত রয়্যালটি, টেকনিক্যাল নো-হাউ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি রেমিট্যান্সের সুযোগ ছিল।
সংশোধিত নীতিমালায় এই সীমা অতিক্রম করে অর্থ পাঠানোর সুযোগ রাখা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন নিতে হবে।
এ ছাড়া অর্থের পরিমাণ যাই হোক না কেন, একই ধরনের অন্যান্য বৈধ ব্যয়ের বিপরীতেও বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বেজার পূর্বানুমোদন বাধ্যতামূলক করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়িক খাতের সংশ্লিষ্টদের মতে, নতুন এই নীতির ফলে ডিপিএভিত্তিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন আরও সহজ হবে। একই সঙ্গে প্রযুক্তি, কারিগরি সহায়তা ও মেধাস্বত্ব-সংক্রান্ত অর্থপ্রদানের ক্ষেত্রে প্রক্রিয়াগত জটিলতা কমবে, যা দেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম






























Recent Comments