ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি মাসের ৩ জুলাই মুক্তি পেয়েছে বলিউড স্পাই ইউনিভার্সের বহুল আলোচিত ছবি ‘আলফা’। আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ অভিনীত এই নারীকেন্দ্রিক অ্যাকশন ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে।
কিন্তু বড় বাজেটের এই ছবি বক্স অফিসে আশানুরূপ ঝড় তুলতে না পারায় মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে। আর এই সুযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিয়া ভাটকে নিয়ে শুরু হয়েছে তুমুল ট্রলিং ও কুৎসিত আক্রমণ।
সম্প্রতি ইন্টারনেটে আলিয়ার ইনস্টাগ্রাম স্টোরির একটি স্ক্রিনশট হু হু করে ভাইরাল হয়। যেখানে লেখা ছিল, “আমার সিনেমাকে যারা ফ্লপ বলছ, তারা আসলে কী? আমি তো কিছু না করেও অ্যাওয়ার্ড কিনে নিতে পারব। ‘তুম্বাড ২’ ছবিটাও আমি পেয়েছি, তোমরা কী পেলে? একটা মেয়ের সাফল্য কেউ সহ্য করতে পারে না। আমার ওপর করণ জোহরের হাত আছে, আমার বাবাও আমার কিছু করতে পারবে না!”
এই স্ক্রিনশটটি ছড়িয়ে পড়ার পর নেটপাড়ায় তোলপাড় শুরু হয়ে যায়। অনেকেই মনে করেন, ট্রলিং সহ্য করতে না পেরে রাগের মাথায় আলিয়া এই স্টোরিটি দিয়েছেন। কিন্তু অনুসন্ধানে জানা গেছে, এই স্ক্রিনশটটি সম্পূর্ণ ভুয়া ও এডিটেড! আলিয়া ভাট তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন কোনো আপত্তিকর পোস্ট করেননি।
এর আগেও রণবীর সিং বা কঙ্গনা রনৌতের নামেও এমন ফেক স্ক্রিনশট বানিয়ে ছড়ানো হয়েছিল।
ভুয়া পোস্টে কটাক্ষ করা হলেও একটি খবর কিন্তু শতভাগ সত্যি আলিয়া ভাট আসলেই কাল্ট ক্লাসিক সিনেমা ‘তুম্বাড’-এর সিক্যুয়েলে যুক্ত হয়েছেন! গত মঙ্গলবার ছবির প্রধান অভিনেতা ও প্রযোজক সোহুম শাহ আলিয়ার সাথে ছবি পোস্ট করে এই খবরটি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, “একটি নতুন অধ্যায়ের শুরু। ‘তুম্বাড ২’ এর দুনিয়ায় স্বাগতম, আলিয়া ভাট।” ২০১৮ সালের রূপকথার রহস্যঘেরা হরর ছবি ‘তুম্বাড’ দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। এবার এর দ্বিতীয় খণ্ডে সোহুম শাহ ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে এক ফ্রেমে দেখা যাবে আলিয়া ভাটকে।
এই প্রজেক্টে যুক্ত হতে পেরে দারুণ উচ্ছ্বসিত আলিয়া। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তুম্বাড সিনেমাটি দেখার পর থেকেই আমার মনে গেঁথে আছে। খুব কম সিনেমা এমন অসাধারণ ও রহস্যময় জগত তৈরি করতে পারে। সোহুম ও নওয়াজ ভাইয়ের সাথে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
জানা গেছে, ২০২৭ সালের ৩ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে এই সাইকোলজিক্যাল হরর ড্রামা ‘তুম্বাড ২’।
এছাড়া আলিয়া ভাট বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং রণবীর কাপুরের সাথে ‘ব্রহ্মাস্ত্র ২’ ছবির কাজে ব্যস্ত আছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments