ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টারের সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) করেছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে, চুক্তির আওতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে ৫ দশমিক ০০৫ মেগাওয়াটপিক ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। ওপেক্স/বুট (বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) থেকে ২৫ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হতে পারে বলে জানিয়েছে জিবিবি পাওয়ার।
বিনিয়োগ ৬ কোটি টাকা
২৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন করেছে জিবিবি পাওয়ার। কোম্পানির তথ্যমতে, প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৬ কোটি টাকার বেশি হবে না।
সোলারন পাওয়ার জিবিবি পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ারের মালিকানা ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিক সৌরবিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারেরা।
কুমিল্লা সেনানিবাসে কেন্দ্রটি চালু হলে দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জিবিবি পাওয়ারের নবায়নযোগ্য জ্বালানি ব্যবসা সম্প্রসারণেও প্রকল্পটি ভূমিকা রাখবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments