ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ১০টি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। হামলার শিকার জাহাজগুলোর মধ্যে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকার রয়েছে।
বুধবার দিবাগত রাতে এক বিবৃতিতে হামলার তথ্য জানিয়েছে আইআরজিসি। তবে হামলার শিকার ট্যাংকারগুলো কোন দেশের, সে বিষয়ে বিবৃতিতে কিছু জানানো হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর রাতে ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে অভিযান চালিয়ে মার্কিন বাহিনী ইরানের পাঁচটি ট্যাংকার জাহাজ অকেজো করে দেয়। এর আগে ৬ ও ৭ সেপ্টেম্বর হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করে আইআরজিসি।
৮ সেপ্টেম্বরের মার্কিন হামলার জবাব দিতেই গেল রাতে হরমুজ প্রণালিতে এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছে আইআরজিসি।
এদিকে বুধবার ৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে আইআরজিসির হামলার মাত্রা বাড়ছে। এর পাল্টা জবাব হিসেবে ইরানের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে হামলার নীতি নিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কো রুবিও বলেন, ইরান মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো লক্ষ্য করে হামলা করেই যাচ্ছে। নিয়মিত তারা এটা করছে বা করার চেষ্টা করছে। যদি তারা এই নীতি ত্যাগ না করে, তাহলে শিগগিরই নিজেদের সব বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজ তারা হারাবে।
বুধবার হরমুজে হামলার শিকার ট্যাংকারগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি আইআরজিসি। তবে ব্রিটিশ জাহাজ ট্র্যাকিং সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, আইআরজিসির হামলায় ‘হারকিউলিস স্টার’ নামের একটি জাহাজের একজন নাবিক নিহত হয়েছেন।
ইরাকের বন্দর কর্মকর্তারাও জানিয়েছেন, দেশটির একটি ট্যাংকার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘নিউ আন্দ্রোস’ নামের ট্যাংকারটিতে ২০ লাখ ব্যারেল তেল ছিল। ইরানি ড্রোনের আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজটির ২২ জন নাবিকই অক্ষত রয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments