ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, সামরিক অভিযান ও নিষেধাজ্ঞা কোনোটিতেই নিজেদের লক্ষ্য অর্জন করতে না পারায় এখন ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। খবর ইরনার।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি মার্কিন নীতির সমালোচনা করে লিখেছেন, ‘৪৭ বছর ধরে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী সমাধান হলো আরও নিষেধাজ্ঞা।’
ওয়াশিংটনের এই নীতিকে বিপর্যয়কর আখ্যা দিয়ে তিনি বলেন, এর ফলে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আরাগচি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ কারণে ইরানের উপকূল থেকে ৫০০ মাইলেরও বেশি দূরে যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরি সরিয়ে নিতে হয়েছে মার্কিন বাহিনীকে।
এদিকে হরমুজ প্রণালিতে দুটি মার্কিন জাহাজ ও আটটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানোর পর এর জবাবে এসব জাহাজে হামলা চালায় আইআরজিসির নৌবাহিনী।
এসময় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন অত্যাধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক (ডিডিজি-১১৯) এবং ইউএসএস জন পল জোন্স (ডিডিজি-৫৩)-কে লক্ষ্যবস্তু করে। এ দুটি যুদ্ধজাহাজই ডেস্ট্রয়ার।
আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর আগ্রাসন ও শত্রুতার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
এ ছাড়া হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ ও অনিরাপদ এলাকায় প্রবেশের চেষ্টা করা আরও ১০টি নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে আইআরজিসি। এসব জাহাজকে যুক্তরাষ্ট্রের উসকানি ও সহযোগিতায় ওই এলাকায় প্রবেশের চেষ্টা করার অভিযোগ করেছে তারা।
আইআরজিসি আরও বলেছে, হরমুজ প্রণালি এখনো তাদের শক্তিশালী ও কর্তৃত্বপূর্ণ নজরদারি এবং ব্যবস্থাপনার অধীনে রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গত এক সপ্তাহে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। ছয় মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে সর্বশেষ ঘটনাগুলো মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়িয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments