ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইংল্যান্ড সফরটা এখন পর্যন্ত পাকিস্তানের জন্য হতাশারই। সিরিজের প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর ইতোমধ্যেই সিরিজ খুইয়েছে সফরকারীরা। এর মধ্যে কোচিং স্টাফে পরিবর্তন এবং শেষ টেস্টের দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।
এমন অবস্থায়ও দলের ওপর থেকে চাপ কমিয়ে সতীর্থদের নির্ভার হয়ে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বৃহস্পতিবার এজবাস্টনে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে বাবর মনে করেন, সিরিজের ফল নির্ধারিত হয়ে যাওয়ায় এখন পাকিস্তানের হারানোর কিছু নেই। তাই নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে ইতিবাচক ও স্বাধীনভাবে খেলার আহ্বান জানিয়েছেন তিনি।
তার ভাষ্য, ‘সিরিজ আমরা ইতোমধ্যেই হেরেছি, তাই এখন আমাদের হারানোর আর কিছুই নেই। আমাদের উচিত নিজেদের ওপর বিশ্বাস রেখে একদম মুক্ত মনে খেলা চালিয়ে যাওয়া।’
বাবর জানান, গত কয়েক দিনে দল ভালোভাবে অনুশীলন করেছে। নতুন করে দলে সুযোগ পাওয়া তরুণদেরও প্রয়োজনীয় বিষয়গুলো বোঝানো হয়েছে। তার মতে, জাতীয় দলে ডাক পাওয়ার পর তরুণদের মধ্যে যে স্বাভাবিক উদ্দীপনা তৈরি হয়, সেটিই মাঠে তাদের বাড়তি শক্তি দিতে পারে। অনুশীলনে সেই প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে এবং ম্যাচেও এর প্রতিফলন ঘটবে বলে আশাবাদী পাকিস্তান অধিনায়ক।
চোটের কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। দুই ইনিংসে তার সংগ্রহ ছিল যথাক্রমে ৮ ও ৬ রান। তবে নিজের ব্যর্থতার পাশাপাশি দলের সিনিয়র খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্ব নেওয়ার কথাও স্বীকার করেছেন তিনি।
বাবরের মতে, যেকোনো সিরিজ শুরুর আগে একজন ক্রিকেটারই নিজের সেরাটা দেওয়ার প্রত্যাশা করেন। সিনিয়র হিসেবে তার দায়িত্ব আরও বেশি। কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স করাই এখন তার প্রধান লক্ষ্য। চ্যালেঞ্জিং কন্ডিশনে নিজেদের সামর্থ্য প্রমাণ এবং প্রতিপক্ষের ওপর প্রভাব বিস্তার করতেই ক্রিকেটাররা মাঠে নামেন—এমনটাই মনে করেন তিনি।
আগের ম্যাচগুলোর ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে শেষ টেস্টে সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ দিতে চান বাবর। তার বার্তা পরিষ্কার—অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেদের সেরাটা দিতে হবে পাকিস্তানকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments