ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পাইওনিয়ার বেইজে একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৭ সেপ্টেম্বর ভোরে এ আগুন লাগে। তবে ভবনটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে হওয়ায় এ ঘটনায় প্রকল্পের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (তথ্য) ও প্রকল্পের ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তি হতাহত হননি।
আগুনে অস্থায়ী ভবনটির দুটি কক্ষের অফিসের আসবাবপত্র, নথিপত্র এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের কিছু সরঞ্জাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত নথিগুলোর প্রয়োজনীয় ব্যাকআপ প্রকল্প কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত রয়েছে। ফলে তথ্য সংরক্ষণ বা প্রকল্পের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্প্লিট-টাইপ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ভেতরের অংশের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রকল্পের নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুসরণ করে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। তদন্ত শেষে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। নির্ধারিত অগ্নিনিরাপত্তা পদ্ধতি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনাগুলোর বাইরে থাকা একটি অস্থায়ী ভবনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও স্বাভাবিক গতিতে চলছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments