ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইরান থেকে আমদানি করা সব ধরনের পণ্য ও সামগ্রী ইয়েমেনে প্রবেশ এবং স্থানীয় বাজারে বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির বৈঠকে ইরানি পণ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির প্রধান ও ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহমেদ গালেব।
কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই ইরান থেকে আসা পণ্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তবে নিষেধাজ্ঞাটি ঠিক কোন তারিখ থেকে কার্যকর হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। একই সঙ্গে ইরান থেকে আমদানি করা পণ্যের কোন কোন শ্রেণি বা পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, সেটিও বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
ইরানি পণ্যের ওপর এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এলো, যখন ইয়েমেন সরকার ও ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ইয়েমেন সরকার হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে নিয়মিতভাবে দায়ী করে আসছে। তবে তেহরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর দেশটির রাজনৈতিক ও সামরিক সংকট আরও গভীর হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে দীর্ঘদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থন দিয়ে আসছে।
২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর ইয়েমেনে তুলনামূলকভাবে সংঘাতের মাত্রা কম ছিল। তবে চলতি বছরের জুলাই থেকে দেশটির বিভিন্ন পক্ষের মধ্যে ফের সংঘাত ও উত্তেজনা বাড়তে শুরু করেছে।
এ পরিস্থিতিতে ইরানি পণ্য আমদানি ও বিক্রিতে ইয়েমেন সরকারের নিষেধাজ্ঞাকে তেহরানের সঙ্গে দেশটির রাজনৈতিক টানাপোড়েন এবং ইয়েমেনের দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ সংঘাতের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments