ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিমানযোগে সিলেটে যাওয়ার কথা রয়েছে তার।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নতুন করে সাজছে সিলেট নগরী। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার, কিন ব্রিজ, সার্কিট হাউজসহ নগরের বিভিন্ন স্থানে চলছে রং ও সৌন্দর্যবর্ধনের কাজ। পাশাপাশি লাগানো হচ্ছে গাছ। সিলেট সিটি করপোরেশন (সিসিক) এবং হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে।
সিলেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)এর মাজার জিয়ারত করবেন। পরে বিকেলে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবন প্রাঙ্গণে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। এ উপলক্ষে নগর ভবন এলাকায় মঞ্চ ও প্যান্ডেল নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতি চলছে।
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা ঘিরে সিলেট মহানগর পুলিশ (এসএমপি), র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সোমবার দুপুরে সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে। এসএসএফের সঙ্গে এসএমপি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয় সভার নির্দেশনা অনুযায়ী নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এসএমপি কমিশনার জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকবেন।
হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও যুক্ত থাকবেন।
নিরাপত্তার পাশাপাশি নগরের যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে বলে জানিয়েছে পুলিশ। এসএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফর নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রাষ্ট্রপতির আগমন ঘিরে সিলেটে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সিলেটবাসীর পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে এবং এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments