ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীনের খ্যাতনামা প্রতিষ্ঠান জুলং গ্রুপ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে আধুনিক নৌযান ও জাহাজ নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং। এ সময় বাংলাদেশে আধুনিক নৌযান নির্মাণ ও মেরিটাইম খাতের উন্নয়ন নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জুলং গ্রুপের চেয়ারম্যান বেন ওয়াং জানান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে এখানে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় তাঁর প্রতিষ্ঠান।
জুলং গ্রুপের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে উৎপাদিত আন্তর্জাতিক মানের নৌযান দিয়ে দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ তৈরি করা হবে।
চীনা প্রতিষ্ঠানটির বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশ সরকার একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহকে তিনি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ এবং সেগুলো বিদেশে রপ্তানির উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে নীতিগত, প্রশাসনিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ ও চীনের এ ধরনের যৌথ বিনিয়োগ উদ্যোগ সফল হলে দেশের মেরিটাইম খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জাহাজ ও নৌযান রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments