ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি বিমানসংস্থাগুলোর ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানি ফ্লাইট বন্ধে সহায়তা করলে ইরানও তাদের বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করবে।
এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ইরানের বিমান চলাচল খাতে সেবা দেওয়া বিদেশি প্রতিষ্ঠানগুলোও দ্বিতীয় পর্যায়ের মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। জ্বালানি সরবরাহ, অবতরণ ও রানওয়ে সুবিধা এবং টিকিটিংসহ বিভিন্ন সেবা দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৩৬টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। মার্কিন ট্রেজারি বিভাগ বলেছে, এসব প্রতিষ্ঠান ও ব্যক্তি অস্ত্র, জনবল ও অবৈধ পণ্য পরিবহনে ইরানের বিমান চলাচল খাতকে সহায়তা করছে।
নতুন নিষেধাজ্ঞার প্রভাবে ইরানের আন্তর্জাতিক বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। বিভিন্ন দেশে ইরানি উড়োজাহাজের জন্য জ্বালানি, অবতরণ ও অন্যান্য স্থলসেবা সীমিত হওয়ার কারণে কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে। ইরানের মাহান এয়ারও ইস্তাম্বুল, আঙ্কারা ও মাস্কাটগামী ফ্লাইট স্থগিত করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
তবে সব রুটে পরিস্থিতি একই নয়। চীনসহ কিছু গন্তব্যে ইরানি বিমান চলাচল এখনো অব্যাহত রয়েছে। ফলে একদিকে মার্কিন নিষেধাজ্ঞা মেনে ইরানি উড়োজাহাজকে সেবা দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার ঝুঁকি, অন্যদিকে ফ্লাইট বন্ধে তেহরানের পাল্টা পদক্ষেপের হুমকি—এমন পরিস্থিতিতে পড়েছে সংশ্লিষ্ট দেশ ও বিমানবন্দরগুলো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments