ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শ্রমিক অসন্তোষ মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টাকে নিজের কার্যালয়ে ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে ডেকেছেন। অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ আরও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
এদিকে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও চলমান অসন্তোষের কারণে সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রিপরিষদ বিভাগ ও শ্রম মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় সরকার মজুরি বোর্ড গঠন করে।
সূত্র জানায়, শ্রমিক অসন্তোষ মোকাবিলায় প্রধানমন্ত্রী দুই দিন আগেই প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছিলেন। তবে শ্রমিক প্রতিনিধির মনোনীত ব্যক্তির নাম পেতে শ্রম মন্ত্রণালয়ের সময় লেগে যায়। এ কারণে মজুরি বোর্ড গঠনেও দেরি হয়।
নতুন মজুরি নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরেই রাজধানী ও আশপাশের এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। দুপুর ১২টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গাজীপুরেও সড়কে নেমে বিক্ষোভ করছেন শ্রমিকেরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


































Recent Comments