
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সফটওয়্যার ত্রুটিজনিত কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা নতুন নয়। আইটি খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও সমস্যার স্থায়ী সমাধান মিলছে না। আজ রোববার লেনদেন শুরুর প্রথম দিন সার্ভার কারিগরি ত্রুটির কারণে প্রায় দেড় ঘন্টা লেনদেন বন্ধ থাকে। পরবর্তীতে সময় বাড়িয়ে আড়াইটার স্থলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত করা হয়। এদিকে সফটওয়্যার ত্রুটির স্থায়ী সমাধান চেয়ে মতিঝিলের ডিএসই’র সামনে মানববন্ধন করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। অনুষ্ঠিত মানববন্ধনে বিনিয়োগকারীরা শক্তিশালী সফটওয়্যার আনার দাবি জানানোর পাশাপাশি ডিএসই বোর্ডের পদত্যাগ চেয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, কিছুদিন পরপরই ডিএসই’র সার্ভারে কারিগরি ত্রুটি দেখা যায়। এতে লেনদেনে অনেক সমস্যা তৈরি হয়। আসলে এটি কারিগরি ত্রুটি নাকি ডিএসইর ভেতরে কোন দুষ্টচক্র কাজ করছে তা আমরা জানি না। তাই বর্তমান ডিএসই বোর্ডের সকলকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তত্বাবধানে যেন শক্তিশালী সার্ভার ব্যবহার করা হয় সে বিষয়েও বিনিয়োগকারীরা দাবি জানাচ্ছে। এছাড়া আজকের সফটওয়্যার ত্রুটির ইস্যু দেখিয়ে লেনদেন বন্ধ রাখার জন্য একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে দোষিদের শান্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.




























Recent Comments