ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসঙ্গিক খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটির কারখানা ও অফিস তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটি পরিদর্শন করেছে এবং এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করেছে। ওই প্রতিবেদনের আলোকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।
মঙ্গলবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত আদেশে জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক শাহারিয়ার পারভেজ, সহকারী পরিচালক মো. মিনহাজ বিন সেলিম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. রাসেল রহমান।
বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএসইর দাখিল করা পরিদর্শন প্রতিবেদনের আলোলোকে বিএসইসি মনে করে, পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজে বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানি দুটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কর্মকর্তারা এ আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসর কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজে বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments