
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতা হিসেবে ভারতের অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেরও সব স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। শনিবার রাজ্য সরকার এক নির্দেশে আগামী সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ বন্ধের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল,কলেজ এবং মাদ্রাসাসহ সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তবে সূচি অনুযায়ী উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে। তাতে কোনও রদবদল হবে না।
খড়গপুর আইআইটিও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার ঘোষনা দিয়েছে আগেই। কোনও ক্লাস অথবা সেমিনার কিছুই করা হবে না। সেই মতো শনিবার সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।
পশ্চিমবঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের নিশ্চিত কোনও খবর পাওয়া না গেলেও ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৮৩-তে পৌঁছেছে। ইতিমধ্যেই দুইজনের মৃত্যু ঘটেছে। গত মঙ্গলবার কর্ণাটকে একজনের মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ের। শুক্রবার দিল্লিতে মৃত্যু হয়েছে এক প্রৌড়ার। ভারতের অধিকাংশ রাজ্যে শপিং মল, সিনেমা হল, নাইট ক্লাব, বিবাহ অনুষ্ঠান সহ সমস্ত জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সব খেলাধুলাও বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়েছে। তবে শনিবার দর্শক শূন্য মাঠে আইএসএলের ফাইনাল হওয়ার কথা রয়েছে।
























Recent Comments