
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে নিয়োগ দিয়েছে অর্থমন্ত্রনালয়। আজ ১৫ জুন অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো: জাহিদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। তিনি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আইডিআরএ’র সদস্য (প্রশাসন) মইনুল ইসলাম অতিরিক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে গতকাল মঙ্গলবার ড. এম মোশাররফ হোসেন আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। তার পদ শূন্য করে নতুন চেয়ারম্যান হিসেবে জয়নুল বারীকে নিয়োগ দেয়া হয়েছে।
বিসিএস নবম ব্যাচের প্রশাসন ক্যাডার জয়নুল বারী সর্বশেষ পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চটগ্রামের জেলা প্রশাসক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন জয়নুল বারী।
তিনি জাফরাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, এমসি কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং নর্দান ইউনিভার্সিটি থেকে ইন পাবলিক পলিসি অ্যান্ড ম্যানেজম্যান্ট ডিগ্রি লাভ করেন। মোহাম্মদ জয়নুল বারী সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের বাগেরখলা গ্রামে জন্মগ্রহণ করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments