
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরজানিয়েছেন, নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত সংকট যতদিন থাকবে, সরকার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে । চলমান পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি। রোববার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায় এদেশের জনগণ সব সময় ধৈর্য ও দায়িত্বশীলতার সাথে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। কোন দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না। মারাত্মক করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য্য ও দায়িত্বশীলতার সাথে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস সারাবিশ্ব মারাত্মক সংকটের মুখে। থমকে গেছে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম কিন্তু মানব সভ্যতার অগ্রযাত্রা অবশ্যম্ভাবী; ইতিহাস সাক্ষ্য দেয়। এই মানবিক বিপর্যয়ের মুখে করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ ও খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ যারা জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সুখ-দুঃখ আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধ্বনি ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
































Recent Comments