ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেত্রি মাহিয়া মাহি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়ন ফরম কিনেছেন। আজ বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মনোনয়ন ফরম কিনে মাহিয়া মাহি বলেন, রাজনীতির মূলনীতি হলো মানুষের সেবা। আর বড় পরিসরে মানুষের সেবা করতে হলে রাজনৈতিক দল থেকে করতে হয়। সেখান থেকে উৎসাহী হয়ে আমি আওয়ামী লীগের হয়ে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন করার চিন্তা করি। ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি। তিনি যেভাবে এগিয়ে যান আমিও সাহস নিয়ে সেভাবে এগিয়ে যেতে চাই।মাহি বলেন আমার রাজনীতিতে আসার দু’টি উদ্দেশ্য আছে।
প্রথম উদ্দেশ্য, আমার নির্বাচনী এলাকা অনেকাংশে পিছিয়ে আছে। সেই জায়গা থেকে তাদের সেবা নিশ্চিত করা।
দ্বিতীয় উদ্দেশ্য, বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতো পরিমাণ উন্নয়ন করেছেন-সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা।
মাহির কথা, আজ মনোনয়ন কিনেছি। নৌকার নমিনেশনে নির্বাচন করলে আমি মিনিমাম ৫০ হাজার ভোটে জিতবো। দৃঢ়ভাবে বিশ্বাস করি নৌকা প্রতীকের জয় বের করে আনতে পারবো, ইনশাআল্লাহ। এছাড়া যদি মনোনয়ন না পাই তবে সামনের দিনগুলো আওয়ামী লীগের কাজ নিয়ে ব্যস্ত থাকবো। যদি না পাই তবুও আওয়ামী লীগের হয়ে আজীবন কাজ করবো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments