ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুন্দর নখের অধিকারী আমরা সবাই হতে চাই কিন্তু সাধারন একটি সমস্যায় আমরা অনেকেই ভুগি, আর তা হলো নখ একটু বাড়লেই ভেঙ্গে যায় অথবা দ্রুত নখ বাড়তে চায় না। নখ নরম হওয়া অসুস্থতার লক্ষণ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তাই নখের শুধু বাহ্যিক যত্ন নিলেই হবে না, সেই সাথে খাবারেও আনতে হবে পরিবর্তন, যা নিয়মিত খেলে নখ বাড়ে এবং শক্তিশালী হয়। জেনে নিন এ ধরনের কয়েকটি খাবার।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, দুধে থাকা ক্যালসিয়াম আর ভিটামিন ডি নখের বৃদ্ধির জন্য খুবই উপকারী। নখ শক্ত করতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
যাঁরা শাকসবজি পছন্দ করেন তাঁদের জন্য শিম ও ডাল খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে বায়োটিন আছে, যা নখের স্বাস্থ্যের পাওয়ার হাউস বলা চলে। পালং, ব্রোকলি ও বাঁধাকপি খেতে হবে প্রচুর। এতে থাকে আয়রন, ফোলেট ও ক্যালসিয়াম, যা নখের বৃদ্ধি বাড়ায় এবং নখ শক্ত করে।
মিষ্টি আলুতে আছে ভিটামিন এ আর টমেটোতে আছে ভিটামিন সি। তাই আলু ও টমেটো খেলে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যাবে, যা নখের সুরক্ষায় অতি প্রয়োজনীয়।
যাঁরা নিয়মিত ডিম খান, তাঁদের নখের সমস্যা কম হয়। ডিমে থাকা বায়োটিন নখের বৃদ্ধির জন্য কার্যকর উপাদান। এটি নখের পুরুত্ব বাড়ায় এবং নখ ভাঙা কমায়।
শরীরে অপর্যাপ্ত ম্যাগনেশিয়ামের কারণেও নখ ভেঙে যাওয়ার সমস্যা হতে পারে।তাই পুষ্টিবিদেরা নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দেন। এতে প্রোটিন, কপার ও ম্যাগনেশিয়াম থাকে, যা নখ ও হাড় মজবুত করে।
এছাড়াও খেতে হবে ফল। কলা ও স্ট্রবেরির মতো ফল নখের জন্য খুব উপকারী। নখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন সি সমৃদ্ধ ফল খেতে হবে। স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে যে ভিটামিন সি থাকে, তা কোলাজেন উৎপন্ন করে। এতে নখ প্রাকৃতিকভাবে শক্তিশালী হয়ে ওঠে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments