ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ডেঙ্গু নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় বনগ্রাম রোডে ওয়াসার পাম্প হাউসসহ ১৪ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানে ১৫ মামলায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার ডিএসসিসির অঞ্চল-৪-এর ৩৮ নম্বর ওয়ার্ডের বনগ্রাম রোডে অবস্থিত ওয়াসার পাম্প হাউসে মশার লার্ভা পাওয়ায় পাম্প হাউসটি পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া এলিফ্যান্ট রোড, খিলগাঁও, মালিবাগ, লালবাগ, মানিকনগর, উত্তর মাণ্ডা, ডগাইর ও উত্তর কুতুবখালী এলাকায় আটটি অভিযানে ৩১৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় ১ লাখ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর পাশাপাশি ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান চালানো হয়েছে। মসজিদ, কোয়ার্টার, হাসপাতাল, থানা, মার্কেটসহ আরও ২৮টি স্থাপনা ও স্থানে অভিযান চলে।
এদিকে ডিএনসিসির মাসব্যাপী বিশেষ অভিযানের দশম দিনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১৫ মামলায় ৫ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments