ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদেশি কোটার সংখ্যা বাড়ানো নিয়ে ফুটবলার থেকে শুরু করে মাঝারি মানের কয়েকটি ক্লাবের আপত্তি ছিল। এমনকি এর বিরোধিতা করে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে সম্প্রতি একটি স্মারকলিপিও দিয়েছিল খেলোয়াড় কল্যাণ সমিতি। বিদেশিদের কারণে ঘরোয়া প্রতিযোগিতায় জাতীয় দলের অনেক তারকা ফুটবলার খেলার সুযোগ পাচ্ছিলেন না; যা জাতীয় দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দেশি ফুটবলারদের মান বৃদ্ধির কথা মাথায় না রেখে বড় ক্লাবগুলোর দাবির পরিপ্রেক্ষিতে আগামী মৌসুমে বিদেশি কোটা বাড়িয়েছে পেশাদার লিগ কমিটি।

বিদেশি নিবন্ধন পাঁচ থেকে বাড়িয়ে এবার করা হয়েছে ছয়জন। বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন বাড়ানোর সঙ্গে ক্লাবগুলোর ফুটবলার নিবন্ধন সংখ্যাও একটি বাড়িয়ে করা হয়েছে ৩৬ জনে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দলবদল আজ থেকেই শুরু করার সিদ্ধান্ত গতকাল লিগ কমিটির সভায় চূড়ান্ত হয়েছে। শেষ হবে ১৮ অক্টোবর।
২৭ অক্টোবর স্বাধীনতা কাপ ফুটবল দিয়ে শুরু হবে ২০২২-২৩ মৌসুম। পাঁচ বিদেশি নিয়ে এমনিতেই আপত্তি করে আসছিলেন ফুটবলাররা। তাদের দাবি ছিল বিদেশি কোটা যেন কমিয়ে আনা হয়। কিন্তু এএফসি কাপ এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ছয় বিদেশি খেলার নিয়মের কথা মাথায় রেখেই বিদেশি কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার মিটিং শেষে জানান লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া মানিক, ‘ছয়জন বিদেশি নিবন্ধনের সুযোগ থাকলেও খেলতে পারবেন কিন্তু আগের মতোই চারজন। যদি একাদশে চারজন থাকেন, তাহলে এর পরিবর্তে আর কাউকে নামানো যাবে না।
লিগ কমিটির এ সিদ্ধান্ত দেশের ফুটবলের জন্যই ক্ষতি হবে বলে মনে করেন সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীব, ‘আমি জানি না ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কিনা। ছয় বিদেশি নিবন্ধনের সুযোগ দেওয়াটা দিন শেষে জাতীয় দলের জন্যই ক্ষতি হবে।
সোমবার ছিল গত মৌসুমের শেষ দিন। এ দিনই সর্বশেষ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের অনুমোদন দেয় বাফুফে লিগ কমিটি। তাতে পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় আজমপুর এফসি এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অবনমন নিশ্চিত। এর মধ্যে বাইলজের ধারা শিথিল করে এবং ক্লাবটির অতীত চিন্তা করে মুক্তিযোদ্ধাকে যাতে অবনমন না করা হয় সে জন্য কিছুদিন আগে ফেডারেশনে চিঠিও দিয়েছে ক্লাবটি।
গতকাল লিগ কমিটির এজেন্ডায় মুক্তিযোদ্ধা ইস্যুটি ছিল না। তাদের ব্যাপারে নির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে বলে জানান মানিক, ‘এটা নিয়ে আলোচনা হয়নি। আমরা পয়েন্ট তালিকার অনুমোদন দিয়েছি; যে পয়েন্ট টেবিল অনুমোদন করেছি, বাইলজ অনুযায়ী সেখানে মুক্তিযোদ্ধার অবনমন হয়ে গেছে। তাদের বিষয়ে হয়তো পরবর্তী সময়ে বোর্ড সিদ্ধান্ত নেবে। তারা আবেদন করেছে, বোর্ড পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নেয়, নেবে। আমরা বাইলজ অনুযায়ী সবকিছু করেছি। বাইলজে পরিবর্তন আনার এখতিয়ার আমাদের নেই। সেটা বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
গত মৌসুমকে অনুসরণ করেই নতুন মৌসুম চলবে। অর্থাৎ শুক্র-শনিবার প্রিমিয়ার লিগ এবং মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপ। এবার ফেডারেশন কাপে তৃতীয় স্থান নির্ধারণী থাকছে না। গত মৌসুমে গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ এবং কুমিল্লায় হয়েছে ফেডারেশন কাপ। এবার যোগ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা। স্বাধীনতা কাপ হবে ১৪ দল নিয়ে। এই প্রতিযোগিতায় খেলার জন্য শিক্ষা বোর্ড এবং সার্ভিসেস দলগুলোকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হবে বলে জানান মানিক। তাদের বাছাই খেলতে হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments