ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনয়ে আসবেন এমন ইচ্ছা সেই ছোটবেলা থেকেই। টিভি পর্দায় প্রিয় অভিনেত্রীদের অভিনয় দেখে সে ইচ্ছা আরও জোরালো হয় কৈশোর পেরোনের সঙ্গে সঙ্গে। প্রবাদ আছে– ‘ইচ্ছা থাকলে উপায় হয়’। বগুড়ার মেয়ে আফিয়া তাবাসসুম বর্ণরও ইচ্ছা থেকে অভিনয়ে আসার পথ উঁকি দেয়। বৃষ্টিস্নাত এক দুপুরে কথা হয় এই তরুণ তুর্কির সঙ্গে।

শোবিজের পথচলার শুরুর গল্পটা তুলে ধরে বললেন, ‘বাসায় পরিবারের সবাই মিলে আমরা লাক্স চ্যানেল আই সুপারস্টার দেখতাম। এরপর গানের কোনো অনুষ্ঠান হলে সেটিও মিস করতাম না। এখান থেকে শোবিজের প্রতি ভালোলাগা জন্মে। সত্যিই যে অভিনেত্রী হয়ে উঠব এমনটি ভাবিনি সেভাবে। অথচ সেই ভালোলাগার জায়গা থেকেই এখন কর্মের জায়গা হয়ে যাচ্ছে অভিনয়। শোবিজের রঙিন দুনিয়ার কাজের ইচ্ছা থাকে অনেকেরই। ভাগ্য সবার সহায়ক হয় না। বর্ণের হয়েছে। তাঁর ভাষায়, ভাগ্যক্রমে এখানে কাজের সুযোগ পেয়ে যান তিনি। শুধু সুযোগ নয়, প্রথম কাজই যে বিশ্বব্যাপী আলোচিত হবে সেটাও বিস্ময় জাগায় তাঁর মনে।
তাঁর ভাষ্য, মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে আমার অভিনয়ে পথ চলা। একসঙ্গে সবাই ‘লাইফ ফ্রম ঢাকা’ সিনেমাটি দেখতে গিয়ে ইয়াসির আল হক ভাইয়ের সঙ্গে পরিচয়। সেখান থেকেই মূলত ‘রেহানা মরিয়ম নূর’ প্রজেক্টে যুক্ত হওয়া। এটাই যে বিশ্বব্যাপী এমন সাড়া পড়বে তা তো ভাবতে পরিনি।
রেহানা মরিয়ম নূর’-এর পর ওয়েব সিরিজ ‘মারকিউলিস’-এ অভিনয় করেন বর্ণ। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ‘সাড়ে ষোলো’। যে সিরিজে আফরান নিশোর বিপরীতে রয়েছেন তিনি। সহঅভিনেতা হিসেবে পেয়েছেন ইন্তেখাব দিনার ও জাকিয়া বারি মমদের। ফলে কাজ করতে করতেই অভিনয়ের শিক্ষাটা হয়ে উঠছে তাঁর। বর্ণর গ্রামের বাড়ি বগুড়া জেলায় হলেও বাবার চাকরির সুবাদে দেশের কয়েকটি জেলায় ঘুরতে হয়েছে। এর মধ্যে পাবনা, কুষ্টিয়াতেই বেশির ভাগ সময় কেটেছে তাঁর। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল সম্পর্ক বিভাগে পড়বেন। ভর্তি হয়েছিলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগে। এ যাত্রা পথ রোধ করে অসুস্থতা। ফলে এক বছর নষ্ট না করে ইউল্যাবে ইংরেজিতে ভর্তি হন তিনি। এরপর থেকে শুরু করেন মডেলিং।
বর্ণ বলেন, ‘আমি যেহেতু অভিনয়ে নতুন। এখন সবার কাছে পৌঁছাতে পারিনি। এজন্য হয়তো আমাকে নিয়ে কাজের ঝুঁকিটা চাইলেও কোনো পরিচালক নিতে চাইবেন না। সবার ইচ্ছা থাকলে আমরা নতুনরা কাজের সুযোগ পাব। আমাদের কাজের সুযোগ দিলেই আমরা পরিপক্ব হতে পারি। সেই সুযোগটা আমি চাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments