ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মুলতানের তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা স্থানীয়দের, আর হিমালয়-পুত্রদের অবস্থা তো বলাই বাহুল্য। আবহাওয়ার এই চরম বৈপরীত্য সত্ত্বেও কোনো অভিযোগ নেই নেপালের ক্রিকেটারদের। প্রথমবারের মতো এশিয়া কাপ তথা বড় কোনো আসরে খেলতে এসেছেন তারা। হার-জিত একপাশে সরিয়ে সেই আনন্দটা দু’হাত ভরে উপভোগ করতে চান তারা। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের সঙ্গে ১৫ নম্বরের লড়াইয়ে ফলাফলটা অনুমেয়ই। তবে প্রতিপক্ষ পাকিস্তান বলেই ‘আনপ্রেডিক্টেবল’ কিছুর সম্ভাবনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না।

আজ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের হারানোর কিছু নেই। কেবলই অর্জনের সুযোগ। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সচরাচর খেলারই সুযোগ তো পায় না তারা। এখন পর্যন্ত তারা কেবল উইন্ডিজ, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছে। সেটাও এ বছর বিশ্বকাপ বাছাই পর্বে। তাই পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচ নেপালের জন্য নতুন দিগন্তের উন্মোচনের মতো। তবে ভেতরে ভেতরে কিন্তু ক্রিকেটীয় শক্তি হিসেবে পথচলা শুরু করে দিয়েছে নেপাল।
গত এপ্রিল-মে মাসে আরব আমিরাত, হংকংয়ের মতো দেশকে পেছনে ফেলে ১০ দলের এসিসি প্রিমিয়ার কাপ শিরোপা জিতেছে নেপাল। এর আগে বিশ্বকাপ লিগ-২ তে ১২ ম্যাচের ১১টিতে জিতে বিশ্বকাপ বাছাই পর্ব খেলার সুযোগ করে নিয়েছিল তারা। ২০১৮ সালে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া নেপাল এখন ব্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে আছে।
২০২৭ সালে ১৪ দল নিয়ে হবে বিশ্বকাপ। সে বিশ্বকাপ খেলার স্বপ্ন নিয়ে এগোচ্ছে তারা। স্বাগতিক পাকিস্তান গ্রুপ পর্বের দুই ম্যাচের মধ্যে এ ম্যাচই দেশের মাটিতে খেলার সুযোগ পাচ্ছে। অবশ্য ম্যাচটি উপভোগেও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। আজ মুলতানের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আর্দ্রতার কারণে গরম আরও বেশি অনুভূত হয়। তাই দর্শকদের যথেষ্ট প্রস্তুতি নিয়ে মাঠে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
গত জুলাইয়ে ইমার্জিং কাপে নেপালের বিপক্ষে চার উইকেট পাওয়া মোহাম্মদ ওয়াসিমকেও সুযোগ দেওয়া হতে পারে। এ ছাড়া পাকিস্তানের ব্যাটিংলাইন ও পেস আক্রমণ নির্ধারিতই। বেশ কয়েক বছর ধরে নেপালের ক্রিকেটে মুখ হয়ে উঠেছেন সদ্বীপ লামিচান। দেশে ধর্ষণ মামলার কার্যক্রম পিছিয়ে যাওয়ায় খেলার সুযোগ পেয়েছেন তিনি। এ লেগস্পিনারকে ঘিরেই সাজছে নেপালের বোলিং আক্রমণ। নেপালের ব্যাটিংয়ে তেমন বড় কোনো নাম নেই। তবে মিডলঅর্ডারে দীপেন্দ্র সিং আইরে চমক দেখাতে পারেন। বিশ্বকাপ বাছাই পর্বে তাঁর অপরাজিত ৭৯ রানের ইনিংসে আরব আমিরাতকে হারিয়ে দিয়েছিল নেপাল। এ ছাড়া কানাডায় গ্লোবাল টি২০ তে সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ক্রিস লিনদের মতো বিশ্বখ্যাতদের পাশে খেলার সুযোগ পেয়েছেন তিনি কয়েক দিন আগে। সে অভিজ্ঞতা কাজে লাগতেও পারে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments