ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তরুণ প্রজন্মের অভিনয়শিল্পী আরশ খান। টেলিভিশন ও ইউটিউব নাটকে তার সরব উপস্থিতি। কয়েক বছরের অভিনয়ের ক্যারিয়ারে তার নাটকগুলোর প্রতি দর্শকের যেমন আগ্রহ তৈরি হচ্ছে, ঠিক তেমনি নাট্যনির্মাতারাও আরশকে নিয়ে নাটক নির্মাণের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। নতুন বছরের শুরুতে কথা বলেছেন এই অভিনেতা।

২০২৩ সাল কেমন গেল?
গতবছর জীবনের উপর দিয়ে চড়াই-উৎরাই পার করেছি। তবে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক ভালো কিছু হয়েছে। পুরো বছর মিলে প্রায় ৫০-৫৫টি নাটকে অভিনয় করেছি। সব মিলিয়ে বছরটা ভালো কেটেছে।
নতুন বছরের পরিকল্পনা?
শুরু থেকে এ পর্যন্ত আমি অনেক কমেডি নাটকে অভিনয় করেছি। বলা চলে, আমার জনরাই ছিলো কমেডি। এখানে হয়তো দর্শকের রেসপন্স বেশি থাকে কিন্তু নিজের কাছে আরামদায়ক মনে হয় না। সেই বিষয়টি মাথায় রেখেই গত তিন মাস ধরে আমি আমার কাজের ধরণ পাল্টে ফেলেছি। এখন রোমান্টিক ও গল্পভিত্তিক কাজ করছি। এখন থেকে এভাবেই কাজ করবো। আমার বিশ্বাস, রোমান্টিক ও গল্পভিত্তিক কাজেও আমার কিছু দর্শক তৈরি হবে।
ওটিটি নিয়ে ভাবনা?
এটা শুধু আমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করে না। এখানে বেশকিছু বিষয় থাকে। প্রত্যেকটা প্লাটফর্মে আলাদা করে একটা সিন্ডিকেট থাকে। অভিনয় বিবেচনা করে কাস্ট করা হয় বলে আমার মনে হয় না। কিছু কিছু সময় দেখা যায় স্বজনপ্রীতিও থাকে। আবার কিছু কিছু সময় যারা ভালো তারাও কাজ পাচ্ছেন। আসলে নাটক নিয়ে ব্যস্ততার কারণে তাদের সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছি না। ওটিটির দিকে ছুটতে গেলে নাটকে গ্যাপ পড়ে যাবে। তাই এখনই ওটিটির দিকে দৌড়চ্ছি না।
নতুন কাজের ক্ষেত্রে কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেন?
একটা সময় ছিলো আমার কাজ পাওয়াটা জরুরি। সেই সময়টা বুঝে-না বুঝে নাটকের মাধ্যমে মানুষকে অনেক রং ম্যাসেজ দিয়েছি। স্বীকার করছি। সেই নাটকগুলোর সংলাপ শুনলে মনে হয় এটা আমার দেওয়া ঠিক হয়নি। কারণ আগামী ১০ বছর দেশের মানুষগুলো কেমন হবে সেটার কিছুটা নির্ভর করে মিডিয়ার দ্বারা। তাই যেহেতু সেই সময়টা চলে গেছে। এখন গল্প ও সমাজকে ভালো বার্তা দেওয়ার নাটকগুলোকে বেশি প্রাধান্য দেবো।
বর্তমানের নাটক ইন্ডাস্ট্রি নিয়ে অনেকের অনেক রকম অভিযোগ। কি বললেন?
আমাদের দেশ ৬ ঋতুর দেশ। একেক জনের মানসিকতা একেক রকম। সবার টেস্ট তো ভিন্ন ভিন্ন। সবার বাচ-বিচারের স্বাধীনতা আছে। কাজ করলে অভিযোগ আসবে। তবে তার মধ্যে থেকে দিনশেষ ভালো কাজ প্রশংসা পাবেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments